অন্নপূর্ণা ভাণ্ডারের হাঁড়ি হাতে কুর্শামারীতে মহিলাদের বর্ণাঢ্য বিজয় মিছিল! অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবায় আয়ুষ্মান ভারত কার্ড এবং ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’-এর সুবিধা পাওয়ার প্রত্যাশাকে সামনে রেখে এদিন আনন্দে মেতে উঠলেন গ্রামের মহিলারা।

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা
রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে ঘিরে গ্রামবাংলায় উৎসবের ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা এলাকার গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারী গ্রামে। অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবায় আয়ুষ্মান ভারত কার্ড এবং ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’-এর সুবিধা পাওয়ার প্রত্যাশাকে সামনে রেখে এদিন আনন্দে মেতে উঠলেন গ্রামের মহিলারা। হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতীকী হাঁড়ি, মুখে নতুন সরকারের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছার বার্তা। সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন এবং সরকারি প্রকল্পের কাজের খতিয়ান। এইসব নিয়েই কুর্শামারী গ্রামের ১৫/৯৫ নম্বর পার্টের মহিলারা গোটা গ্রাম পরিক্রমা করে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন।মিছিলকে ঘিরে এদিন গ্রামে তৈরি হয় উৎসবের আবহ। ব্যান্ডের তালে তালে পা মেলান মহিলারা। একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে আনন্দে মেতে ওঠেন তাঁরা। নতুন সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং আগামী দিনে গ্রামীণ মানুষের জীবনযাত্রায় সম্ভাব্য পরিবর্তনের বার্তা তুলে ধরাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
আয়োজক নেতৃত্বদের দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের জন্য ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বিশেষত মহিলাদের আর্থিক সহায়তা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে তাঁদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সেই আনন্দ ও নতুন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সরকারের নেতৃত্বে এদিনের বিশাল মিছিলটি বের করা হয়। গ্রাম পরিক্রমা শেষে ধূপগুড়ি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক নরেশচন্দ্র রায়ের উপস্থিতিতে তাঁকে সংবর্ধনা জানান গ্রামবাসীরা। ফুল ও শুভেচ্ছার মাধ্যমে নতুন বিধায়ককে সম্মানিত করেন তাঁরা।এদিনের কর্মসূচিতে একদিকে যেমন নতুন সরকারের প্রতি সমর্থন ও শুভেচ্ছা প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেমনই গ্রামীণ মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।অন্নপূর্ণা ভাণ্ডারের হাঁড়ি থেকে শুরু করে কর্মসংস্থানের প্রকল্প নতুন সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতিকে ঘিরে কুর্শামারীর এই বর্ণাঢ্য মিছিল এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু।