বামেদের কর্মসূচিতে উত্তাল হাওড়া ময়দান!

বাম সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি র ডাকে ৬ দফা দাবিতে জেলা শাসকের অফিস অভিযান ঘিরে উত্তেজনা। বুধবার দুপুরে কয়েকশো সিপিএম কর্মী এই অভিযানে অংশগ্রহণ করে।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা

সংগঠনের মূল দাবি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না। এছাড়াও নির্বাচনে প্রতিশ্রুতি অনুযায়ী, ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। এর পাশাপাশি বস্তিবাসী সমস্ত গরিব মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার এবং গণবন্টন ব্যবস্থায় খাদ্য সরবরাহের দাবি সহ মোট ৬ দফা দাবি জানানো হয়েছে মিছিল থেকে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই ডবল ইঞ্জিন সরকার ৪মাস ক্ষমতায় আসার পর গরিব মানুষের পেটে যেভাবে লাথি মারছে, না মেনে নেওয়া যায় না। তা সে নোটিস ছাড়া হকার উচ্ছেদ হোক বা একাধিক সিদ্ধান্ত। গোটা রাজ্যবাসীর পাশাপাশি হাওড়াবাসীও এই বিজেপি সরকারের কার্যকলাপে ক্ষুব্ধ বলে অভিযোগ তুললেন বিক্ষোভে অংশ নেওয়া বাম সংগঠনের সদস্যরা।

এই অভিযানকে ঘিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড তৈরি করা হয় হাওড়া পুরসভার সামনে। বিক্ষোভকারীরা হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে থেকে মিছিল করে আসে। তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। তাতেই বাধা দেয় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ব়্যাফ।