সোমনাথ থেকে কাশী- স্মিতের আরোগ্য কামনায় পুজো

মাঝ আকাশে প্রাণ বাঁচানোর লড়াই। গুরুতর আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনায় এ বার মন্দিরে মন্দিরে প্রার্থনা। গুজরাতের সোমনাথ থেকে বারাণসীর কাশী বিশ্বনাথ—দেশের একাধিক গুরুত্বপূর্ণ মন্দিরে বিশেষ পুজো, রুদ্রাভিষেক এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের আয়োজন করা হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

গুজরাতের সোমনাথ মন্দিরে স্মিতের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ মহাপুজার আয়োজন করা হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁর জন্য শুরু হয়েছে নিরবচ্ছিন্ন ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ’। মন্দিরের সমাজমাধ্যমের পোস্টে স্মিতের সাহসের প্রশংসা করে তাঁর দ্রুত সম্পূর্ণ সুস্থতার প্রার্থনা করা হয়েছে।

একই ভাবে বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ ধামেও বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছে। স্মিতের সাহস, কর্তব্যনিষ্ঠা এবং বহু মানুষের জীবন রক্ষার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে এই আয়োজন বলে মন্দির সূত্রে জানানো হয়েছে। সন্ধ্যার গঙ্গা আরতি এবং কাশী বিশ্বনাথ মন্দির ঘাটেও বিশেষ কর্মসূচি রয়েছে।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, ২১ জন পণ্ডিত কুশের জল দিয়ে রুদ্রাভিষেক করবেন। পাশাপাশি ১১ জন পণ্ডিত এক লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। কাশীর পাতালপুরী মঠেও স্মিতের দ্রুত আরোগ্য কামনায় হনুমান চালিশা পাঠ করা হয়েছে।

বুধবার দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমান। অভিযোগ, মাঝ আকাশে সহ-পাইলট স্মিতের উপর হামলা চালিয়ে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থাতেও স্মিত ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এর পর যাত্রী এবং বিমানকর্মীরা হস্তক্ষেপ করেন। বিমানটি ঘুরিয়ে সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করানো হয়। সেখানেই হাসপাতালে চিকিৎসাধীন স্মিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্মিতের সাহসের প্রশংসা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মোদীর কথায়, নিজের জীবনের পরোয়া না করে স্মিত যে সাহস দেখিয়েছেন, তা গোটা দেশের গর্ব। তাঁর সুস্থতার জন্য ১৪০ কোটি ভারতীয় প্রার্থনা করছেন বলেও জানান প্রধানমন্ত্রী।