‘ভ্যানিশ কুমার, সীমা খান্না মিলে ভোটপ্রক্রিয়া হাইজ্যাক’

হস্পতিবার দিল্লিতে INDIA জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কেন্দ্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সীমা খান্না।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বিধানসভা ভোটের ফল প্রকাশের প্রায় পাঁচ মাস পরেও নির্বাচন কমিশনকে নিশানা করে নিজের পরাজয় নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে INDIA জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তাঁর অভিযোগের কেন্দ্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সীমা খান্না। দু’জনকে একসঙ্গে নিশানা করে মমতা বলেন, ‘‘সীমা খান্না, ভ্যানিশ কুমার (জ্ঞানেশ কুমার) মিলে গোটা ভোটপ্রক্রিয়া হাইজ্যাক করেছে।’’

ভোটগণনায় কারচুপির অভিযোগও ফের তুলেছেন মমতা। তাঁর দাবি, ‘‘দু’-তিন রাউন্ড পর থেকেই, পোস্টাল ব্যালট থেকে কারচুপি করেছে। তার পর মিডিয়াকে ম্যানেজ করে বলা হল, বিজেপি জিতছে।’’ জ্ঞানেশের বিরুদ্ধে পদত্যাগের দাবিও তোলেন তিনি। তাঁর কথায়, ‘‘ভ্যানিশ কুমারের একটাই লক্ষ্য ছিল, বিজেপিকে সন্তুষ্ট করা। এঁদের পদত্যাগ চাইব না? এঁদের শাস্তি হবে না?’’

৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই ভোটে কারচুপির অভিযোগ করে আসছেন তৃণমূলনেত্রী। তাঁর দাবি, তাঁকে হারানো হয়েছে, তিনি হারেননি। বৃহস্পতিবারও সেই বক্তব্যের পুনরাবৃত্তি করে মমতা বলেন, ভোটের ফলের পিছনে ‘ভোট লুট’-এর অভিযোগ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

SIR নিয়েও কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। তাঁর অভিযোগ, SIR-এর মাধ্যমে বহু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘কবে থেকে বলছি, ভোট লুট হয়েছে। আমি এর বিরোধিতায় আদালতে গিয়েছি, নিজে সওয়াল করেছি, বিচার পাইনি।’’

তাঁর আরও অভিযোগ, SIR-এর তালিকা থেকে বাদ পড়া মানুষের বিষয়টি নিয়ে কমিশনের দফতরে গিয়েও কোনও সদুত্তর মেলেনি। মমতার দাবি, কমিশনের এক কর্তা তাঁকে ‘গেট লস্ট’ বলেছিলেন।

অন্য দিকে, নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের ক্ষেত্রে একাধিক বার নিজেদের অবস্থান জানিয়েছে। ফলে মমতার নতুন করে তোলা অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল। দিল্লির সাংবাদিক বৈঠক থেকে ফের কমিশনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন তৃণমূলনেত্রী।