শারীরিক অসুস্থতার মতোই মানসিক স্বাস্থ্যের সমস্যাতেও প্রয়োজন সময় মতো চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ। কিন্তু চিকিৎসার খরচ, দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন এবং নানা সামাজিক সংকোচের কারণে অনেকেই সময়মতো চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন না। সেই সমস্যার কথা মাথায় রেখেই মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নিল দুর্গাপুরের গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস অ্যান্ড হসপিটাল। ১ অক্টোবর হাসপাতালের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য পরিষেবায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মানিসক অসুস্থতা, দীর্ঘদিনের মনোরোগ এবং নেশাশক্তির মতো সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসার সুযোগ আরও সহজ হবে। প্রয়োজন অনুযায়ী রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর শারীরিক ও মানসিক পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। রোগীর অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। অর্থিক সমস্যার কারণে যাতে কোনও রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেই বিষয়টিকেও উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছে। গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ইতিমধ্যেই Psychiatry বিভাগ রয়েছে এবং হাসপাতালটি বহুমুখী চিকিৎসা পরিষেবার পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরিষেবাও দিয়ে থাকে।
মানসিক স্বাস্থ্যের চিকিৎসা অনেক ক্ষেত্রেই দীর্ঘ মেয়াদি হয়। ফলে শুধু ওষুধ দেওয়া নয়, রোগীর আচরণ, শারীরিক পরিস্থিতি এবং মানসিক অবস্থার উপর নিয়মিত নজর রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে হাসপাতালে চিকিৎসা ও পর্যবেক্ষণের সুযোগ রোগী ও তাঁর পরিবারের জন্য কিছুটা স্বস্তি এনে দিতে পারে। মানসিক অসুস্থতা ও নেশাশক্তির সমস্যায় ভোগা রোগীদের জন্য হাসপাতালের পক্ষ থেকে সাতটি শয্য়া বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দুর্গাপুর ও সংলগ্ন এলাকার মানুষের জন্য মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও নাগালের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মানসিক স্বাস্থ্য নিয়ে লুকিয়ে না থেকে সময় মতো চিকিৎসা নেওয়াই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ,এই বার্তাই আরও একবার সামনে আনল গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের এই উদ্যোগ।