ফুটবল থেকে রাজনীতি, বিরোধীদের তুলোধনা দিলীপের!

কলকাতায় ভারত-ব্রাজিল মেগা ম্যাচ ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তখন ম্যাচকে কেন্দ্র করেই বাংলার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা

শনিবার একাধিক রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে তৃণমূল—বিরোধীদের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি।

ব্রাজিলের সঙ্গে ম্যাচ প্রসঙ্গে দিলীপ বলেন, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ব্রাজিলের প্রতি দীর্ঘদিনের আবেগ রয়েছে। তাঁর মতে, ব্রাজিলের মতো দল কলকাতায় আসায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে। এই আগ্রহকে বাংলার ফুটবলের উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন। তা না হলে গোটা বিষয়টি ‘সার্কাসের মতো’ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মেসিকে ঘিরে আগের বিতর্কের প্রসঙ্গে দিলীপের বক্তব্য, কলকাতায় এবার সুন্দর আয়োজন হচ্ছে এবং সরকারও বিষয়টি নিয়ে ‘সিরিয়াস’। পুরনো অভিজ্ঞতা যাতে ফিরে না আসে, সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

রেজিনগরের পর নন্দীগ্রামে সংখ্যালঘুদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান নিয়েও কটাক্ষ করেন দিলীপ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলি সংখ্যালঘুদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সংখ্যালঘু সমাজও পেয়েছে দাবি করে তাঁদের বিজেপির সঙ্গে চলার আহ্বান জানান তিনি।

হুমায়ুন কবিরের মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দিলীপ। একই সঙ্গে অধীর চৌধুরী বলেছিলেন কংগ্রেস একটা বটগাছ। বিজেপির বিরুদ্ধে এই বটগাছের তলায় একত্রিত হতে হবে। এই মন্তব্যের পাল্টা দিয়ে দিলীপ বলেন, ‘‘বটগাছটা আছে কোথায়! ডালপালা তো সব ছেঁটে দেওয়া হয়েছে।’’

বিরাটিতে সিপিএমের সভায় হামলার অভিযোগ প্রসঙ্গেও বিজেপির দায় অস্বীকার করেন তিনি। তাঁর দাবি, বিজেপির ‘এসব করার সময় নেই’। অন্যদিকে, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভকে আসন্ন নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচি বলেই ব্যাখ্যা করেছেন দিলীপ ঘোষ।