বিদায়বেলায় বর্ষা, বাড়ছে ভ্যাপসা গরম!

বর্ষার বিদায়বেলার ঘণ্টা বেজে গিয়েছে। তবে তার মধ্যেই জলীয় বাষ্পের দাপটে বাড়তে চলেছে অস্বস্তি। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বরং বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

শনিবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী এলাকায় দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতার আকাশ শনিবার মূলত আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। দু’-এক পশলা হালকা বৃষ্টি, এমনকি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ফলে জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়তে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা কমবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডে আগামী ২৪ ঘণ্টায় বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে। বাংলায় অবশ্য বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ দিকে বিহার, সংলগ্ন উত্তরপ্রদেশ এবং অসমের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ।