রাজ্যের বিভিন্ন আদালতে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ। বন্ধ হাওড়া আদালতের কাজকর্ম। আইনজীবীরা জানিয়েছেন অবিলম্বে হামলার ঘটনায় যুক্ত দোষীদের গ্রেফতার করতে হবে।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা
শনিবার হাওড়া আদালতের সামনে মহাত্মা গান্ধী রোড অবরোধ করেন আইনজীবীরা। প্রায় ২০ মিনিট অবরোধের জেরে শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান এলাকার রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে যায় বাস এবং অন্যান্য যানবাহন। এদিন আইনজীবীরা অভিযোগ করেন বারুইপুর আদালতে কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন ব্যানার্জিকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। একইসঙ্গে তাকে মারধর করা হয়। এরপর গত পয়লা অক্টোবর ব্যাঙ্কশাল কোর্টে বহিরাগতরা এক ইউটিউবার অভিযুক্তকে আদালতে তোলার সময় আইনজীবীদের মারধর এবং হেনস্থা করা হয়। এমনকি মহিলা আইনজীবীদের বাদ দেওয়া হয়নি। তাদের ওপরেও একইভাবে হামলা করা হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও বাকি দুষ্কৃতীদের এখনও গ্রেফতার করা হয়নি। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়। এর পাশাপাশি তারা দাবি করেন লইয়ার সিকিউরিটি প্রটেকশন অ্যাক্ট চালু করতে হবে। শনিবার একইসঙ্গে হাওড়া আদালতের আইনজীবীরা কর্মবিরতি পালন করেন। আদালতে কোন মামলা ফাইল করেননি আইনজীবীরা। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য মিহির বন্দ্যোপাধ্যায় বলেন শিয়ালদহ আদালত এবং ব্যাঙ্কশাল আদালতে কর্মবিরতি চলছে। আজ হাওড়া আদালতেও কর্মবিরতি হয়েছে। যদি আইনজীবীদের ওপর হামলা বন্ধ না হয় তাহলে গোটা রাজ্যজুড়ে অন্যান্য আদালতেও এই কর্মবিরতি আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।