বাংলার উন্নয়ন দেখে অভিভূত : কোয়েল

খাতায়-কলমে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবারই রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হয়েছিল। সোমবার মনোনয়ন জমা দেওয়ার আগে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেত্রী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

অতীতে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কি না, সেই প্রশ্ন অবশ্য এড়িয়ে গিয়েছেন কোয়েল। তাঁর দাবি, অতীতেও কাউকে নিয়ে খারাপ মন্তব্য করেননি, ভবিষ্যতেও করবেন না। বরং রাজনীতির মঞ্চে তাঁর লক্ষ্য মানুষের জন্য কাজ করা।

বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান কোয়েল। গত কয়েক মাসে রাজ্যে উন্নয়নের কাজ দেখে তিনি ‘অভিভূত’ বলেও জানান। তাঁর কথায়, ‘‘আমি সত্যিই সম্মানিত। এটা বিরাট দায়িত্ব। দেশের মানুষের কল্যাণের দায়িত্ব পালন করতে চাই। আমি চাই বাংলার মানুষ আনন্দে থাকুন। কাজ বাড়ুক।’’

সামাজিক মাধ্যমে রাজনৈতিক তিক্ততা নিয়েও সরব হয়েছেন অভিনেত্রী। কোয়েলের বক্তব্য, কাজের অভাব থেকেই অনেক সময় মানুষের মধ্যে ক্ষোভ এবং তিক্ততা বাড়ে। বাংলায় আরও স্কুল তৈরির প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে নিম্নবিত্ত মানুষের জন্য আরও ভাবনাচিন্তার প্রয়োজন বলে মত তাঁর।

আগামী দিনে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে তাঁকে? প্রশ্নের উত্তরে কোয়েল জানান, ছোটবেলা থেকেই মানুষের সেবার সঙ্গে তাঁর পরিচয়। গ্রীষ্মের ছুটিতে অন্যরা যখন বেড়াতে যেতেন, তাঁর মা তাঁকে নিয়ে যেতেন মিশনারিজ় অফ চ্যারিটিতে। সেখান থেকেই মানুষের জীবনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বলে জানান অভিনেত্রী।

বিজেপিতে যোগ দেওয়ার পর অবশ্য সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন কোয়েল। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘ওঁদের প্রতি আমার কোনও রাগ নেই।’’ মনোবিজ্ঞানের ছাত্রী হিসাবে তাঁর মানবিকতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, কাউকে ছোট করে যাঁরা আনন্দ পান, তাঁরা নিজেরাই হয়তো কোনও সমস্যার মধ্যে রয়েছেন। তাঁদের ‘মানসিক সুস্থতা’ কামনা করেছেন অভিনেত্রী।

ইতিমধ্যে রাজ্য বিধানসভায় গিয়ে রাজ্যসভার বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন কোয়েল মল্লিক। অভিনেত্রীর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হল এ দিনই।