পচা সবজির বস্তায় মাদক পাচার! উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

বারুইপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ওড়িশা থেকে বাসন্তী পাচারের পথে পুলিশের যৌথ অভিযানে আটক ৭০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার হয়েছেন ৩ জন। এই আন্তঃরাজ্য পাচারচক্রের মূল পান্ডা কে, ওড়িশা থেকে বাসন্তী পর্যন্ত কোন পথ ধরে এই মাদক আনা হচ্ছিল এবং এর পেছনে স্থানীয় আর কারা জড়িত?

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকায় পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬৩৫ কেজি গাঁজা উদ্ধার করল বারুইপুর থানা ও বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। বাজেয়াপ্ত হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। এই আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করেছে।
​
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে বারুইপুর থানা ও বারুইপুর SOG-এর একটি যৌথ দল বিশেষ সূত্রে জানতে পারে যে, একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশি টিম দ্রুত সক্রিয় হয়ে বারুইপুর উত্তরভাগ ছয়ানি এলাকার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে ওঁৎ পেতে থাকে। সন্দেহভাজন একটি ‘বোলেরো ম্যাক্স পিক-আপ ভ্যান’ এলাকা অতিক্রম করার সময় সেটিকে চিহ্নিত করে আটক করেন তদন্তকারীরা।
গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর সময় পুলিশের চোখ এড়াতে পাচারকারীদের সুচতুর কৌশল স্পষ্ট হয়ে ওঠে। পুলিশের নজরদারি এড়াতে পুরো গাড়িটিতে পচা সবজির স্তূপ রাখা হয়েছিল। তবে পচা সবজির সেই আস্তরণ সরাতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো ৬৩৫ কেজির গাঁজার প্যাকেট। ঘটনাস্থল থেকেই পুলিশ ওই বিপুল পরিমাণ মাদক ও পাচারে ব্যবহৃত বোলেরো পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই বিপুল পরিমাণ গাঁজার চালানটি ওড়িশা থেকে আনা হচ্ছিল এবং এর চূড়ান্ত গন্তব্য ছিল সুন্দরবন সংলগ্ন বাসন্তী এলাকা। সেখান থেকে ছোট ছোট জায়গায় এই মাদক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের। সোমবার ধৃত তিন পাচারকারীকে পুলিশ হেফাজতের (Police Custody) আবেদন জানিয়ে সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়েছে। এই আন্তঃরাজ্য পাচারচক্রের মূল পান্ডা কে, ওড়িশা থেকে বাসন্তী পর্যন্ত কোন পথ ধরে এই মাদক আনা হচ্ছিল এবং এর পেছনে স্থানীয় আর কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বারুইপুর থানার তদন্তকারীরা। পুরো চক্রটির মূল উৎপাটনে তদন্ত জোরকদমে এগোচ্ছে।