কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, ১৪ হাজারের বেশি নিয়োগ, মহিলাদের উচ্চশিক্ষায় নতুন প্রকল্প সহ একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দফতরে ১৪ হাজারেরও বেশি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ঘোষণা শুভেন্দুর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। তার আগে একগুচ্ছ ঘোষণা করে কার্যত ‘কল্পতরু’ হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কর্মসংস্থান থেকে শিক্ষা, পুলিশ থেকে অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক—একাধিক ক্ষেত্রে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দফতরে ১৪ হাজারেরও বেশি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
পুজোর মুখে সবচেয়ে বড় ঘোষণা ‘কর্মবন্ধু’দের নিয়ে। ভূমি ও ভূমি সংস্কার দফতরের সাফাইকর্মীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। চলতি মাস থেকেই এই বর্ধিত ভাতা অস্থায়ী কর্মীরা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুলিশ ব্যবস্থাতেও একাধিক ঘোষণা করেছেন শুভেন্দু। আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন রাজ্যে চালু হচ্ছে জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর। ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বিভিন্ন থানার হাতে তুলে দেওয়া হবে ৪০০টি গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক। পরের দিন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচের প্রায় ১২ হাজার নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারি চাকরির ক্ষেত্রেও বড় ঘোষণা। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দফতরে মোট ১৪,৪৫৪টি পদে নিয়োগ হবে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা-সহ নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পিএসসি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। বন, দমকল, কারা, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক-সহ একাধিক দফতরে চাকরির সুযোগ তৈরি হবে।
শিক্ষাক্ষেত্রেও বাড়ল বরাদ্দ। তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের হস্টেলের খাবারের জন্য মাসিক বরাদ্দ ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে।
পাশাপাশি রাজ্যে চালু হল ‘ভগিনী নিবেদিতা স্কিম’। এই প্রকল্পে অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষার জন্য তিন বছর ধরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
পুজোর আগে একের পর এক ঘোষণায় সরকারি কর্মী, চাকরিপ্রার্থী থেকে পড়ুয়া—বিভিন্ন মহলে খুশির হাওয়া। শুভেন্দুর বার্তা, আগামী দিনেও আরও একাধিক ক্ষেত্রে দ্রুত কাজ করবে তাঁর সরকার।