‘সকলের জন্য পর্যাপ্ত বাসস্থান’—এই লক্ষ্যকে সামনে রেখে পালিত হল বিশ্ব বসতি দিবস ২০২৬। সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান (PMAY-U) এবং PMAY-U 2.0-র আওতায় ভাল কাজ করা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সম্মান জানানো হল। পাশাপাশি পুরসভা, সহযোগী সংস্থা এবং আবাসন প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীদারকেও পুরস্কৃত করা হয়েছে।

এ বছরের বিশ্ব বসতি দিবসের মূল ভাবনা ছিল ‘Adequate Housing for All’—অর্থাৎ সকলের জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত বাসস্থান। অনুষ্ঠানে কেন্দ্রের প্রতিমন্ত্রী টোকন সাহু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপুঞ্জের মানব বসতি কর্মসূচি (UN-Habitat)-এর প্রতিনিধিদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিক, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সচিব এবং আবাসন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। HUDCO এবং National Housing Bank (NHB)-এর মতো প্রতিষ্ঠানও অনুষ্ঠানে উপস্থিত ছিল।
কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শহরাঞ্চলে নিরাপদ, সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক এবং মর্যাদাপূর্ণ বাসস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে দেশের ধারাবাহিক প্রচেষ্টাকে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে PMAY-U এবং PMAY-U 2.0 বাস্তবায়নে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন অংশীদারের ভূমিকার স্বীকৃতিও দেওয়া হয়েছে।
শহরের আবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্ভাবন, নীতি সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং টেকসই অর্থসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে অনুষ্ঠানে। ‘Housing for All’ বা সকলের জন্য আবাসনের লক্ষ্য পূরণে দেশের বিভিন্ন প্রান্তে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তার নানা দিকও তুলে ধরা হয়।
PMAY-U Awards 2026-এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে সাফল্যের জন্য সেরা পারফর্ম করা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সম্মানিত করা হয়েছে। একই সঙ্গে নগর স্থানীয় প্রশাসন (ULB), সহযোগী সংস্থা এবং অন্যান্য অংশীদারদেরও পুরস্কৃত করা হয়। ভাড়ার জন্য আবাসন তৈরির উদ্যোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কাজকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রের বার্তা, আবাসন শুধু মাথার উপর ছাদ নয়—নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অন্যতম মৌলিক ভিত্তি।