প্রশাসক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ চালাচ্ছে বিজেপি। সেই কর্মসূচির শেষ দিনে, ৭ অক্টোবর দেশব্যাপী ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেও ওই দিন মশাল হাতে পদযাত্রা করবেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সোমবার সাংবাদিক বৈঠক করে কর্মসূচির কথা জানান বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
শমীকের কথায়, ‘‘২৫ বছর একটানা সরকারের প্রধান পদে থাকা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিরল ঘটনা। ৭ অক্টোবর দেশ জুড়ে সেবা জ্যোতি যাত্রা করব আমরা।’’ কর্মসূচির সূচনায় প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ভাষণ দেবেন। সেই ভাষণ রাজ্যের ২৩টি সাংগঠনিক জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কর্মী-সমর্থকদের শোনানোর পরিকল্পনা রয়েছে। জেলা সদরে প্রকাশ্য স্থান এবং ইনডোর স্টেডিয়ামেও অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভাষণ শেষেই শুরু হবে মশাল হাতে ‘সেবা জ্যোতি যাত্রা’।
শমীক জানিয়েছেন, বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে সামিল করার চেষ্টা হবে। তাঁর দাবি, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে আশীর্বাদ জানাতেই এই কর্মসূচিতে যোগ দেবেন।
এর পাশাপাশি পুজোর মরশুমে বুথস্তরে জনসংযোগ বাড়াতে আট দফা কর্মসূচির নির্দেশ দিয়েছে বঙ্গ বিজেপি। নভেম্বর পর্যন্ত এই প্রচার চলবে বলে দলীয় সূত্রে খবর। বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করার উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ‘সেবা ক্যাম্প’ ও ‘সেবা সেতু’র মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসংযোগ কর্মসূচিও চালিয়েছেন বিজেপি বিধায়ক, জেলা সভাপতি এবং স্থানীয় নেতারা।
বিধায়ক রুদ্রনীল ঘোষের দাবি, ‘সেবা সেতু’ শিবিরে বহু নাগরিক কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। পুরভোটের আগে এই বুথভিত্তিক জনসংযোগকে আরও জোরদার করতেই বিজেপির এই নতুন কর্মসূচি।