হাওড়া স্টেশন লাগোয়া বেআইনি হোটেলে পুর অভিযান

হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার একাধিক বড় হোটেলের বিরুদ্ধে বেআইনি নির্মাণ এবং অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগ উঠেছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

অভিযোগ, গত ২ তারিখে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে সংশ্লিষ্ট হোটেলগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল। নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের এক মাসেরও বেশি সময় দেওয়া হয়।

অভিযোগ, নোটিশ পাওয়ার পরেও বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ পুরনিগমের নির্দেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। হোটেলগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং নির্দিষ্ট ফায়ার সেফটি ব্যবস্থার ঘাটতির অভিযোগ রয়েছে।

এছাড়াও, দোতলার পর থেকে তিন, চার এবং পাঁচতলা পর্যন্ত যে অতিরিক্ত অংশ নির্মাণ বা ব্যবহার করা হয়েছে, তার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরনিগমের অভিযোগ, অনুমোদিত নিয়ম না মেনেই ওই অংশগুলি ব্যবহার করা হচ্ছে।

এই পরিস্থিতিতে বুধবার হাওড়া পুরনিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের একটি দল সংশ্লিষ্ট হোটেলে পৌঁছন। পুরনিগমের পক্ষ থেকে হোটেলটি সিল করার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে।