যন্তর মন্তরের প্রতিবাদে ফের আটক রাহুল!

নির্বাচন কমিশনের দফতরের সামনে বিরোধী নেতাদের আটকে দেওয়ার এক দিনের মধ্যেই ফের পথে INDIA জোট। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বুধবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নামল বিরোধী শিবির।

INDIA Bloc Protest LIVE Updates: Rahul Gandhi Detained By Delhi Police Near Jantar Mantar

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন, ‘‘INDIA জোটের সমস্ত শরিক আজ যন্তর মন্তরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ করবে।’’ তাঁর কথায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মঙ্গলবারই নির্বাচন কমিশনের দফতরের কাছে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ কংগ্রেসের একাধিক সাংসদ। বুধবার ফের রাস্তায় নামেন রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তাঁদের সঙ্গে যোগ দেন INDIA জোটের অন্যান্য নেতারাও।

বুধবারের বিক্ষোভ ঘিরে যন্তর মন্তরে সকাল থেকেই উত্তেজনা ছিল। রাহুল ও প্রিয়ঙ্কা বাস থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে মিছিলে হাঁটতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের আটক করে বাসে তোলার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। রাহুলকে পুলিশ আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতেও দেখা যায়। এক পর্যায়ে প্রিয়ঙ্কা রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা—‘‘আমরা কোথাও যাব না, ছাড়ব না।’’

এর পর রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা-সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে পুলিশ। রাহুলকে জোর করে একটি বাসে তোলার ছবি প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলে এক মহিলা বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা যায়।

মঙ্গলবার আকাশবাণী ভবনের চত্বরে অবস্থান করেছিলেন রাহুল-সহ কংগ্রেস সাংসদেরা। নির্বাচন কমিশনের দফতর থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থান করে তাঁরা নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন। রাত ৮টা নাগাদ পুলিশ তাঁদের সরিয়ে দেয়। প্রায় দু’ঘণ্টা আটক থাকার পর রাত ১০টার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

INDIA শিবিরের অভিযোগ, SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে এবং বিরোধীদের প্রশ্নের জবাব দিচ্ছে না কমিশন। সেই অভিযোগেই এবার আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিল বিরোধীরা।