অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল স্কুল

সরকার বদলালেও বদলাইনি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের স্বৈরাচারী মনোভাব। বিল ছাড়াই অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা

সরকারি স্কুলের ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগ সহ মিড ডে মিলের গুণগত মান থেকে শুরু করে স্কুলের শৌচালয় অপরিষ্কার ও প্রধান শিক্ষকের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আজ স্কুলে বিক্ষোভ অবিভাবকদের। বিক্ষোভে সামিল স্কুলের শিক্ষিকারাও। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলে না আসা, স্বৈরাচারী মনোভাব তো আছেই। এছাড়া এই স্কুলে না পড়লেও প্রধান শিক্ষিকার মেয়ে এই স্কুল থেকে কন্যাশ্রী’র টাকা পেয়েছে। হাওড়ার শিবপুরের ভবানী গার্লস হাই স্কুলের ঘটনায় সকাল থেকে উত্তাল পরিস্থিতি।
প্রধান শিক্ষিকার দাবি, বিগত সরকার যে টাকা দিত তাতে স্কুল চালানো সম্ভব ছিল না, গার্জিয়ান মিটিং করেই ফি- এর থেকে বেশি টাকা নেওয়া হত। গত দশ বছর চলে এসেছে এই সিস্টেম। এখন কেন বিক্ষোভ দেখাচ্ছেন, প্রশ্ন প্রধান শিক্ষিকা শ্রাবনী পানের। আর মেয়ের কন্যাশ্রী পাওয়ার বিষয়ে তিনি দাবি করেছেন তাঁর সই জাল করেই এই কাজ কেউ বা কারা করেছে। ইতিমধ্যে জেলাশাসক ও জেলা স্কুল দফতরকে জানালেও সেই টাকা এখনও ফেরত দিতে পারিনি।