স্কুলের মিড ডে মিলে চিকেন বিরিয়ানি। ভাবতে অবাক লাগলেও সত্যি। ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে সোমবার প্রায় আড়াইশো জন ছাত্রকে চিকেন বিরিয়ানি খাওয়ানো হল। খুশি ছাত্ররাও।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা
ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে গত ২৯ সে সেপ্টেম্বর এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্রদের সাথে একসাথে বসে মিড ডে মিলের খাবার খেয়েছিলেন। পরের দিন উপহার হিসাবে মাছ ও মিষ্টি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় অনুপ্রাণিত হয় স্কুল কর্তৃপক্ষ।

পুজোর মুখে দ্বিতীয়ার দিন ছাত্রদের খাওয়ানো হলো চিকেন বিরিয়ানি। শিক্ষকরা নিজেরাই চাঁদা তুলে ছাত্রদের জন্য বিরিয়ানি বানিয়েছেন। মিড ডে মিলের পাতে দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি পেয়ে আপ্লুত ছাত্ররা। একেবারে চেটে পুটে বিরিয়ানি খেয়েছে তারা। প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানান স্কুল হল আর একটা পরিবার। সেখানে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি আনন্দ করবে। ভালো থাকবে। তাদের লক্ষ্য স্কুলকে আনন্দমুখর করে তোলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগ তাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।বর্তমানে বাংলা মিডিয়াম অনেক স্কুল যখন কার্যত ধুঁকছে। কমে আসছে ছাত্র সংখ্যা। তখন ব্যাঁটরার এই স্কুল একেবারেই ব্যতিক্রমী।