নিতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ নিয়ে দর্শকের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। রামের ভূমিকায় রণবীর কপূর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ—তারকাখচিত এই ছবিকে ঘিরে এ বার সামনে এল নতুন খবর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সূত্রের দাবি, শুধু ভারতীয় আঞ্চলিক ভাষাতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে পৌঁছতে ছবির প্রথম পর্ব প্রায় ৪০টি ভাষায় ডাবিং করার পরিকল্পনা করছেন নির্মাতারা। সব পরিকল্পনামাফিক এগোলে, ভারতীয় ছবির আন্তর্জাতিক মুক্তির ক্ষেত্রে নতুন নজির তৈরি করতে পারে এই ছবি।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ছবির প্রযোজক নমিত মলহোত্র এবং তাঁর দল ‘রামায়ণ’-কে আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে মুক্তি দিতে চাইছেন। সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, বিশ্বজুড়ে ভারতীয় ছবির অন্যতম বৃহত্তম মুক্তির পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই লক্ষ্যেই একাধিক ভাষায় ডাবিংয়ের ভাবনা।
কেন এতগুলি ভাষায় ডাবিং? নির্মাতাদের লক্ষ্য, দর্শক যেন নিজের ভাষাতেই ছবির গল্প, সংলাপ এবং আবেগের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। সে ক্ষেত্রে শুধু সাবটাইটেলের উপর নির্ভর করতে হবে না। যদিও কোন কোন ভাষায় ছবিটি ডাবিং করা হবে, সেই তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা হতে পারে বলে খবর। তবে ৪০টি ভাষায় ডাবিংয়ের পরিকল্পনা সংক্রান্ত এই খবরের আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনও মেলেনি।
দুই পর্বে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা আগামী বছরের দীপাবলিতে। প্রথম পর্বের মুক্তির তারিখ ৫ নভেম্বর বলে জানা গিয়েছে। তার আগের দিন, অর্থাৎ ৪ নভেম্বর থেকে বিশেষ ‘পেড প্রিভিউ’ দেখানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
রণবীর, সাই পল্লবী এবং যশের পাশাপাশি ছবির বিশাল ক্যানভাস ও আন্তর্জাতিক মুক্তির পরিকল্পনাও দর্শকের কৌতূহল বাড়িয়েছে। তবে বিপুল আয়োজন শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সাফল্য এনে দেয়, এখন সেটাই দেখার।