UPI নিয়ে বড় আপডেট! ১৫ অক্টোবর থেকে বদলাচ্ছে পেমেন্টের নিয়ম?

দোকানে গিয়ে UPI স্ক্যান করে পেমেন্ট করছেন? কখনও বাজারের বিল, কখনও শপিং, আবার কখনও রেস্তরাঁর খরচ- সবেতেই ভরসা সেই UPI! কিন্তু এবার এই ডিজিটাল পেমেন্ট ঘিরেই সামনে এসেছিল বাড়তি খরচের আশঙ্কা। বিশেষ করে ২ হাজার টাকার বেশি পেমেন্টে নতুন চার্জ চালুর কথা ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। ১৫ অক্টোবর থেকে বদলে যাওয়ার কথা ছিল নিয়ম। কিন্তু উৎসবের মরসুমের ঠিক আগে সেই সিদ্ধান্ত ঘিরেই এল বড় খবর! কেন পিছিয়ে গেল নতুন চার্জ? কবে থেকে চালু হবে এই নিয়ম? আর সবচেয়ে বড় প্রশ্ন- এর জন্য কি সাধারণ গ্রাহকদের পকেট থেকে বাড়তি টাকা খরচ হবে?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

কেন পিছিয়ে গেল সিদ্ধান্ত?

UPI পেমেন্টের নতুন চার্জ কাঠামো কার্যকর করার কথা ছিল ১৫ অক্টোবর থেকে। কিন্তু ব্যবসায়ী ও বণিক সংগঠনগুলির আপত্তির পর আপাতত সেই সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI। দীপাবলির আগে কেনাকাটা এবং ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ে। এই সময়ে নতুন চার্জ চালু হলে ব্যবসায়ীদের খরচ ও লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে- এমন আশঙ্কা থেকেই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার দাবি ওঠে। ফলে আপাতত উৎসবের মরসুম শেষ হওয়া পর্যন্ত স্থগিত থাকছে এই পদক্ষেপ। তবে নতুন নিয়ম চালুর নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।

কত টাকা চার্জ লাগার কথা?
এবার আসা যাক আসল অঙ্কে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, নির্দিষ্ট কিছু ব্যক্তি থেকে ব্যবসায়ীর UPI লেনদেন- অর্থাৎ P2M পেমেন্টে- ২ হাজার টাকার বেশি অঙ্কের ক্ষেত্রে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হওয়ার কথা। অন্যদিকে, ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে UPI লেনদেন বা P2P পেমেন্টে এই চার্জ লাগার কথা নয়। ২ হাজার টাকা পর্যন্ত নির্দিষ্ট P2M লেনদেনও চার্জমুক্ত রাখার প্রস্তাব রয়েছে। এ ছাড়া, ৭৫ হাজার টাকা বা তার বেশি যোগ্য লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ MDR ৩০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। মাসে মোট UPI সংগ্রহ ১ লক্ষ টাকা পর্যন্ত এমন ছোট ব্যবসায়ীদের জন্যও ছাড়ের ব্যবস্থা রয়েছে। রেল, জ্বালানি, টেলিকম, বিমা এবং কৃষি উপকরণের মতো কিছু বিশেষ ক্ষেত্রের জন্য আলাদা নির্দিষ্ট ফি-র কাঠামোর কথাও রয়েছে।

তাহলে কি গ্রাহকদের পকেটে টান পড়বে?
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, MDR বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট দিতে হবে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে। সাধারণ গ্রাহকের UPI পেমেন্টে সরাসরি এই চার্জ বসানোর কথা নয়। অর্থাৎ, দোকানে গিয়ে UPI স্ক্যান করে বিল মেটানোর সময় গ্রাহককে আলাদা করে ০.৪ শতাংশ চার্জ দেওয়ার কথা নয়। তবে ব্যবসায়ীদের খরচ কীভাবে সামলানো হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। তাই চূড়ান্ত নির্দেশিকায় কী বলা হয়, সেদিকে নজর রাখা জরুরি।

সব মিলিয়ে, UPI-তে প্রস্তাবিত MDR চার্জ চালুর সিদ্ধান্ত আপাতত পিছিয়ে যাওয়ায় দীপাবলির আগে স্বস্তি পেলেন ব্যবসায়ীরা। কিন্তু নিয়ম পুরোপুরি বাতিল হয়নি। নতুন করে কবে থেকে তা কার্যকর হবে, সেই ঘোষণার অপেক্ষা রয়েছে। তাই এখনই UPI পেমেন্টে বাড়তি চার্জ দিতে হবে- এমনটা ভাবার কারণ নেই। তবে নতুন নির্দেশিকা প্রকাশিত হলে নিয়ম ও ছাড়ের বিষয়টি আরও স্পষ্ট হবে।