কিছু প্রশ্নের রেশ সহজে কাটে না। বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে ঘিরে এমনই এক প্রশ্ন আবার ফিরল করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
“আপনি কি এখনও ভার্জিন?”—সলমনকে ফের এই প্রশ্নই করলেন করণ। সমাজমাধ্যমে প্রকাশিত নতুন মরসুমের প্রোমোতে এই দৃশ্য দেখে পুরনো স্মৃতি ফিরে পেয়েছেন অনুরাগীরা। তবে এ বার অভিনেতার প্রতিক্রিয়া কী, তা জানতে অপেক্ষা করতে হবে সম্পূর্ণ পর্বের জন্য।
মঙ্গলবার, ১৩ অক্টোবর প্রকাশ পেয়েছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রোমো। শোয়ের শেষ মরসুমের প্রথম অতিথি হিসাবে ফিরছেন সলমন। এর আগে চতুর্থ সিজনের প্রথম পর্বেও অতিথি হিসাবে এসেছিলেন তিনি। সেই সময় করণের একই প্রশ্নের উত্তরে সলমন জানিয়েছিলেন, তিনি ভার্জিন এবং ভবিষ্যতের স্ত্রীর জন্য নিজেকে সঞ্চিত রেখেছেন। সেই উত্তরই রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে এসেছিল।
এ বারও পুরনো প্রসঙ্গ তুলে মজার আবহ তৈরি করেছেন করণ। প্রোমোতে দেখা যাচ্ছে, সলমন শুধু অতিথির আসনে বসেই থাকেননি, কিছুক্ষণের জন্য করণের জায়গায় সঞ্চালকের ভূমিকাও নিয়েছেন। মজার ছলে সলমনকে বলতে শোনা যায়, শেষ সিজনের কথা বলে করণ কি তাঁদের সবাইকে শোয়ে আসতে রাজি করিয়েছেন? করণ জানান, তিনি আর ফিরছেন না। তখন সলমনের আবদার, “করণ, তুসি না যাও”।
নতুন পর্বে বলিউডের বদলে যাওয়া চেহারা নিয়েও কথা বলবেন সলমন। পাপারাৎজি সংস্কৃতি, সমাজমাধ্যমে ভাবমূর্তি তৈরি, শারীরিক পরিবর্তন, সাম্প্রতিক স্বাস্থ্যগত সমস্যা এবং ব্যক্তিগত জীবন—সবই উঠে আসবে কফি উইথ করণের এই আলোচনায়। ‘কফি উইথ করণ’-এর নতুন পর্ব প্রতি বুধবার সন্ধ্যা ৭টায় জিয়ো হটস্টারে দেখা যাবে।