গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (W.B. STF)। ওই অভিযানে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

সুস্মিত মজুমদার,নিজস্ব সংবাদদাতা
অভিযানে দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী থেকে ওই বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের (Arms Act) প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অবৈধ অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা এবং গোটা চক্রের হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শহরে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির এমন একটি পরিকাঠামোর সন্ধান মেলায় নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন সামনে এসেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা, অস্ত্র তৈরির প্রকৃত উদ্দেশ্য এবং সম্ভাব্য সরবরাহ চক্র সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।