উৎসবের আগে শহর সাজাতে গিয়ে বিপত্তি! বৃষ্টিতে রঙিন রাস্তা পিচ্ছিল হয়ে একের পর এক মোটরবাইক দুর্ঘটনার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। চিংড়িহাটা উড়ালপুলে পর পর বাইক পিছলে পড়ার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতারাতি উড়ালপুলের রাস্তা থেকে রং তোলার কাজও শুরু হয়েছে। এ বার চিংড়িহাটার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসানসোলেও সৌন্দর্যায়নের জন্য রাস্তার উপর দেওয়া রং তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
পুজোর আগে কলকাতার একাধিক রাস্তা ও উড়ালপুল নতুন করে রাঙিয়ে তোলা হয়েছিল। কিন্তু অভিযোগ, বৃষ্টি হলেই সেই রংয়ের আস্তরণ পিচ্ছিল হয়ে যাচ্ছে। বুধবার দুপুরে বৃষ্টির পরে চিংড়িহাটা উড়ালপুলে একাধিক মোটরবাইক পিছলে পড়ে দুর্ঘটনায় পড়ে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিষয়টি পৌঁছয় নবান্নে। অভিযোগ ওঠে, সৌন্দর্যায়নের নামে রাস্তার উপর রং করার ফলেই বিপত্তি। গড়িয়াহাট ও চিংড়িহাটা উড়ালপুলের রঙিন রাস্তা মোটরবাইক চালকদের কাছে বিপজ্জনক হয়ে উঠেছে বলেও দাবি বিরোধীদের।
বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালও জানান, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে। রংয়ের কারণে চালকদের চোখ ধাঁধিয়ে যাওয়ার অভিযোগও খতিয়ে দেখা হবে। মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। রাতেই কলকাতা পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কাজ শুরু করেন। গতি নিয়ন্ত্রণে বিশেষ ব্লক বসানোর ব্যবস্থাও করা হয়।
অন্য দিকে, আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়ের রাস্তায় পুজোর আগে সৌন্দর্যায়নের জন্য রং করা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়া এবং রোদে সেই রং চালকদের চোখ ধাঁধিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বুধবার রাতভর রাস্তার রং তুলে দেয় প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, আপাতত রং সরানো হলেও সৌন্দর্যায়নের পরিকল্পনা বাতিল হচ্ছে না। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে এমন পিচ্ছিল-রোধী উপকরণ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যাতে বৃষ্টির দিনেও যান চলাচল নিরাপদ থাকে।