‘হারিয়েছে’ভোটগণনার ফুটেজ! ইসিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ভোটগণনার ভিডিও ফুটেজ কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কর্নাটকের একটি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার ফুটেজ সংরক্ষণ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ফুটেজ খুঁজে না পাওয়ার ব্যাখ্যাকে অজুহাত হিসাবে দেখছে শীর্ষ আদালত। কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী শুনানির আগে তাদের কাছে থাকা সমস্ত ফুটেজ একত্র করতে হবে। অন্যথায় আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলেও সতর্ক করা হয়েছে।

২০২৩ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনে শ্রীনগেরি কেন্দ্রের ফলাফল ঘিরে বিতর্কের সূত্রপাত। প্রথমে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়াকে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই ফলকে চ্যালেঞ্জ করেন বিজেপি প্রার্থী ডিএন জীবারাজ। এর পর পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয়বার গণনার পর ২০১ ভোটে জয়ী ঘোষণা করা হয় বিজেপি প্রার্থীকে।

পুনর্গণনার ফল নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী। গণনা এবং পুনর্গণনার ভিডিও ফুটেজ প্রকাশের আবেদন জানান তিনি। সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চের কাছে ফুটেজের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু কমিশনের তরফে আদালতে জানানো হয়, সংশ্লিষ্ট গণনার ভিডিও রেকর্ডিং খুঁজে পাওয়া যাচ্ছে না।

কমিশনের এই বক্তব্যেই ক্ষুব্ধ হয় শীর্ষ আদালত। বিচারপতিরা প্রশ্ন তোলেন, কী ভাবে গণনার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার ভিডিও ফুটেজ হারিয়ে যেতে পারে? কমিশনকে সমস্ত উপলব্ধ ফুটেজ সংগ্রহ করে পরবর্তী শুনানিতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের কড়া বার্তা, এই ধরনের ব্যাখ্যা মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে আদালতকে হস্তক্ষেপ করতে হবে।

নির্বাচনের স্বচ্ছতা এবং গণনা প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্কের আবহে এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ। তবে ফুটেজ হারানোর বিষয়টি নিয়ে কমিশনের বক্তব্য এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও বাকি। পরবর্তী শুনানিতে কমিশন কী ব্যাখ্যা দেয়, এখন সে দিকেই নজর।