বাংলাদেশের জেন জ়ি আন্দোলন থেকে ভারতের অধিকার রক্ষার আন্দোলনের অনুপ্রেরণা খোঁজার মন্তব্য করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)-এর নেত্রী নেহা বোরা। তাঁর বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আড়ালে ভারতে সরকার বদলের ষড়যন্ত্রে নেমেছে বিরোধীরা। যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্ট আয়োজিত একটি সম্মেলনে যোগ দিয়ে নেহা বলেন, ‘‘ভারতে যে জেন জ়ি আন্দোলন দেখতে পাচ্ছি, তার শুরু বাংলাদেশে হয়েছিল। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন।’’ গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার আন্দোলনের প্রসঙ্গেই এই মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর।
বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী সমাজমাধ্যমে নেহাকে রাহুলের ‘পোস্টার গার্ল’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, নেহার মন্তব্য ভারতে সরকার বদলের অভিপ্রায়ের প্রকাশ্য স্বীকারোক্তি। রাহুল গান্ধী ও তাঁর সহযোগীরা ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও অভিযোগ করেন তিনি।
বিতর্কে যোগ দিয়ে বিজেপির আর এক মুখপাত্র সম্বিত পাত্রের বক্তব্য, দেশ ১৪০ কোটি মানুষের, কোনও ব্যক্তি বা পরিবারের নয়। বিরোধীদের আন্দোলনকে ছাত্র ও ভোটাধিকার রক্ষার লড়াই হিসাবে দেখানোর চেষ্টা হলেও, আসলে তারা সরকার ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।
অন্য দিকে, প্রশান্ত ভূষণও একটি সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমরা সকলেই সরকার পরিবর্তন চাই।’’ বিজেপির অভিযোগের জবাবে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, অতীতে বিজেপি নিজেই একাধিক বার সরকার পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছে। তা হলে এখন একই ধরনের দাবিকে ষড়যন্ত্র বলা হচ্ছে কেন?
নেহার মন্তব্যকে কেন্দ্র করে এই রাজনৈতিক সংঘাত এমন সময়ে শুরু হয়েছে, যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আন্দোলন চলছে। গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি এবং সরকার বদলের অভিযোগ—দুইয়ের সংঘাতে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।