দুর্গাপুরের দুর্গাপুজোয় প্রসেনজিৎ, উপচে পড়ল ভিড়

দুর্গাপুরের দুর্গাপুজোয় চমক। গান আর কথায় দর্শকদের মন জয় করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুর্গাপুরের চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির হয়ে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তিনি।

সঞ্জিত মাল, নিজস্ব সংবাদদাতা

প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে পুজো প্রাঙ্গণে ভিড় জমালেন অসংখ্য মানুষ। তাঁর উপস্থিতিতে উৎসবের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।

এ বছর ৬৬ বছরে পদার্পণ করেছে ইস্পাতনগরীর চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজো। সমাজকর্মী পারিজাত গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। পুজোর মণ্ডপে টলিউডের তারকার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে উৎসবের আমেজে।

অনুষ্ঠানে প্রসেনজিৎকে সংবর্ধনা জানান পুজো উদ্যোক্তারা। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত অনুরাগীরা। তাঁকে ঘিরে উৎসাহী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু উপস্থিতি দিয়েই নয়, গান ও কথার মাধ্যমে দর্শকদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলেন অভিনেতা।

অনুরাগীদের উদ্দেশে প্রসেনজিৎ বলেন, “যত দিন বেঁচে থাকব, তত দিন অভিনয়ের মধ্য দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকব।” তাঁর এই কথায় উঠে আসে অভিনয়ের প্রতি ভালবাসা এবং দর্শকদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা। উৎসবের আবহে প্রিয় তারকাকে কাছে পেয়ে খুশি পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ দর্শক—সকলেই।