ছট ও কালীপুজোয় অশান্তির ছক? আগাম সতর্কবার্তা মন্ত্রী গৌরীশঙ্করের

আসন্ন ছটপুজো ও কালীপুজোকে ঘিরে রাজ্যে অশান্তি তৈরির ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তাঁর দাবি, উৎসবের মরশুমে অন্তর্ঘাত ঘটিয়ে গোলমাল পাকানোর চেষ্টা হতে পারে। চোরবাগানের ঘটনাতেও পরিকল্পিতভাবে ঘোষণা করে অশান্তি তৈরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অতীতে যারা রাজ্যের ক্ষমতায় ছিল, তাদেরই একাংশ এই ধরনের ঘটনার নেপথ্যে রয়েছে। তবে এবার আগে থেকেই সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন। উৎসবের সময় কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বজিত মণ্ডল, নিজস্ব সংবাদদাতা

সোমবার মালদহে মহানন্দা নদীর মিশন ঘাট পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন মন্ত্রী। নৌকায় চড়ে নদীর ঘাটে ছটপুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি-সহ প্রশাসনের আধিকারিকরা।

মন্ত্রী জানান, ছটপুজোর আগের দিন বিকেল থেকে পরের দিন ভোররাত পর্যন্ত ঘাটে প্রচুর মানুষের সমাগম হয়। তাই সাধারণ মানুষকে কোনওরকম ঘোষণা বা গুজবে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর আশ্বাস, ছটপুজো থেকে শুরু করে কালীপুজোর বিসর্জন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। কোথাও কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশে সোমবার মালদহে যান গৌরীশঙ্কর ঘোষ। প্রথমে ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে পুরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে মহানন্দার মিশন ঘাটে গিয়ে নৌকায় চড়ে সরেজমিনে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উৎসব ঘিরে প্রশাসনের সতর্কতার কথা জানান মন্ত্রী।