ব্রাহ্মণ মহিলা ও মন্দিরের পুরোহিতদের নিয়ে মন্তব্যের জেরে AISA-র সভাপতি নেহা বোরার বিরুদ্ধে বুধবার দিল্লিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন আইনজীবী অমিতা সচদেবা। তাঁর অভিযোগ, নেহার এই ধরনের মন্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও বিভেদ তৈরি করতে পারে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সংবাদ সংস্থা ANI-কে অমিতা সচদেবা জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬ নম্বর ধারায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, পুলিশ যদি এই বিষয়ে কোনও পদক্ষেপ না করে, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৭৫(৩) ধারায় আদালতের কাছে FIR দায়েরের আবেদন জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
অমিতা সচদেবার কথায়, তিনি নেহা বোরার একটি মন্তব্যের কথা জানতে পেরেছেন। সেখানে নেহা বলেছিলেন, ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থার মধ্যে ব্রাহ্মণ মহিলারাও নিরাপদ নন। মন্দিরের ভিতরে পুরোহিতদের হাতে ধর্ষণের মতো ঘটনা ঘটে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন অমিতা। তাঁর দাবি, এ ধরনের মন্তব্য সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি ও বিভেদ তৈরি করতে পারে।
গত ২ নভেম্বর নেহা বোরার একটি পুরনো ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে মন্দিরের ভিতরে ব্রাহ্মণ মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থার কারণে সমাজের দরিদ্র, শূদ্র, পশু এবং মহিলারা অত্যাচারের শিকার হন। এমনকী মন্দিরের ভিতরে পুরোহিতদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও ওঠে বলে দাবি করেন তিনি। উন্নাও ও কাঠুয়ার ঘটনার প্রসঙ্গও উল্লেখ করেছিলেন নেহা।
বিজেপি নেতা প্রদীপ ভান্ডারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ওই ভিডিওটি শেয়ার করেন। নেহার মন্তব্যের সমালোচনা করে তিনি কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু-বিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ তোলেন। এই ঘটনার পর নেহা বোরার মন্তব্যের সমালোচনা করেন একাধিক রাজনৈতিক নেতা। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, জাতপাত ও ধর্মের ভিত্তিতে বৈষম্যের ঘটনা এখনও সমাজে রয়েছে। তবে রাজনৈতিক নেতাদের এমন উদাহরণ তুলে ধরা উচিত, যা সমাজকে একজোট করতে সাহায্য করে, বিভেদ বাড়ায় না। চিরাগের বক্তব্য, ব্রাহ্মণ মহিলা, ব্রাহ্মণ্যবাদ এবং সনাতন ধর্ম নিয়ে নেহা যেভাবে মন্তব্য করেছেন, তা সমাজে বিভাজনের রাজনীতিকে উসকে দিতে পারে। তাঁর মতে, ব্রিটিশ আমল থেকেই এই ধরনের বিভাজনের রাজনীতি চলে আসছে। তবে সমাজে জাতপাত ও ধর্মের ভিত্তিতে বৈষম্যের অস্তিত্বও তিনি স্বীকার করেছেন।