এবার WhatsApp-এই মিলবে PF-এর সব তথ্য!

PF-এর টাকা কত জমেছে, শেষ কবে টাকা জমা পড়েছে, কিংবা অ্যাকাউন্টে কত ব্যালান্স রয়েছে- এবার এই তথ্য জানতে বারবার EPFO-র ওয়েবসাইটে লগ ইন করতে হবে না। কারণ, WhatsApp-এর মাধ্যমেই PF সংক্রান্ত একাধিক তথ্য জানার পরিষেবা চালু করেছে Employees’ Provident Fund Organisation বা EPFO। শুধু তাই নয়, ছোট অঙ্কের কিছু নিষ্ক্রিয় PF অ্যাকাউন্টে জমে থাকা টাকা ফেরানোর জন্যও চালু হচ্ছে স্বয়ংক্রিয় নিষ্পত্তির ব্যবস্থা। এই নিয়মে আধার যাচাই করা নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে ১,০০০ টাকা পর্যন্ত জমা থাকা PF-এর অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এর জন্য আলাদা করে ক্লেম করারও প্রয়োজন হবে না। কিন্তু WhatsApp-এ ঠিক কী কী পরিষেবা পাওয়া যাবে? কোন অ্যাকাউন্টের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাবেন? আর এই পরিষেবা ব্যবহার করতে গিয়ে কীভাবে প্রতারণা থেকে সতর্ক থাকবেন?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

WhatsApp-এ কী কী পরিষেবা পাবেন?
EPFO-র নতুন WhatsApp পরিষেবার মাধ্যমে সদস্যরা PF সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। প্রথমত, দেখা যাবে নিজের PF অ্যাকাউন্টের বর্তমান ব্যালান্স। দ্বিতীয়ত, অ্যাক্সেস করা যাবে EPF Passbook-এর তথ্য। এমনকি শেষ পাঁচটি লেনদেনের তথ্যও জানা যাবে এই পরিষেবার মাধ্যমে। অর্থাৎ, আপনার PF অ্যাকাউন্টে শেষ কবে টাকা জমা পড়েছে, কত টাকা জমা হয়েছে কিংবা সম্প্রতি কী ধরনের লেনদেন হয়েছে- সেই তথ্য সহজেই জানতে পারবেন। এছাড়াও, সরকারের প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বা PMVBRY কর্মসংস্থান-সংক্রান্ত ইনসেনটিভ প্রকল্প নিয়েও প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়া যাবে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। এই WhatsApp পরিষেবা মূলত তথ্য জানার জন্য। অর্থাৎ এটি একটি Read-only Service। WhatsApp চ্যাট থেকেই সরাসরি PF-এর টাকা তোলা বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।

নিষ্ক্রিয় PF অ্যাকাউন্টের টাকা ফেরাবে EPFO
এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। অনেক সময় চাকরি পরিবর্তন বা দীর্ঘদিন অ্যাকাউন্টে কোনও লেনদেন না হওয়ার কারণে PF অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই ধরনের কিছু অ্যাকাউন্টে অল্প অঙ্কের টাকা দীর্ঘদিন পড়ে থাকে। সেই সমস্যার সমাধানে EPFO স্বয়ংক্রিয় নিষ্পত্তির ব্যবস্থা চালু করেছে। নিয়ম অনুযায়ী, আধার যাচাই করা নিষ্ক্রিয় EPF অ্যাকাউন্টে ১,০০০ টাকা বা তার কম ব্যালান্স থাকলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে EPFO নিজেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে পারে। এক্ষেত্রে সদস্যকে আলাদা করে কোনও ক্লেম ফর্ম জমা দিতে হবে না। EPFO পরিচয় এবং আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করবে। অর্থাৎ, ছোট অঙ্কের PF টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সবার PF-এর টাকা কি অটোমেটিক ফেরত আসবে?
এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ম কিন্তু সব নিষ্ক্রিয় বা আটকে থাকা PF অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র আধার যাচাই করা এবং ১,০০০ টাকা বা তার কম ব্যালান্স থাকা নির্দিষ্ট নিষ্ক্রিয় অ্যাকাউন্টই এই স্বয়ংক্রিয় নিষ্পত্তির আওতায় আসবে। ধরুন, আপনার PF অ্যাকাউন্টে ১০ হাজার বা ৫০ হাজার টাকা পড়ে রয়েছে। কিংবা চাকরি পরিবর্তনের পর KYC-তে সমস্যা, আধার সংক্রান্ত অসঙ্গতি অথবা নিয়োগকর্তার অনুমোদন না পাওয়ার কারণে টাকা আটকে রয়েছে। সেক্ষেত্রে এই নতুন নিয়মে আপনার টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত আসবে না। এ ধরনের সমস্যার জন্য আগের মতোই EPFO-র Member Portal-এর মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে অনলাইন ক্লেম করতে হবে।

প্রতারণা থেকে কীভাবে সতর্ক থাকবেন?
নতুন WhatsApp পরিষেবা চালু হওয়ার খবর সামনে আসতেই প্রতারণার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই EPFO-র নামে কোনও অচেনা নম্বর থেকে WhatsApp মেসেজ এলে সতর্ক থাকুন। অফিশিয়াল WhatsApp নম্বর EPFO-র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের সঙ্গে মিলিয়ে নিন। কোনও অচেনা নম্বরকে নিজের UAN পাসওয়ার্ড, OTP, ব্যাঙ্কের গোপন তথ্য বা আধার সংক্রান্ত সংবেদনশীল তথ্য দেবেন না। মনে রাখবেন, PF-এর টাকা পাওয়ার জন্য WhatsApp-এ কাউকে OTP বা পাসওয়ার্ড জানানো নিরাপদ নয়। কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগেও সতর্ক থাকুন।

সব মিলিয়ে, EPFO-র এই দুটি উদ্যোগের লক্ষ্য PF পরিষেবাকে আরও সহজ ও দ্রুত করা। একদিকে WhatsApp-এর মাধ্যমে ব্যালান্স, পাসবুক এবং সাম্প্রতিক লেনদেনের তথ্য জানা যাবে। অন্যদিকে, আধার যাচাই করা নির্দিষ্ট নিষ্ক্রিয় অ্যাকাউন্টে ১,০০০ টাকা পর্যন্ত পড়ে থাকা অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে মনে রাখবেন, WhatsApp পরিষেবা দিয়ে সরাসরি টাকা তোলা বা ট্রান্সফার করা যাবে না। আবার বড় অঙ্কের আটকে থাকা PF টাকার ক্ষেত্রেও স্বয়ংক্রিয় নিষ্পত্তির সুবিধা প্রযোজ্য নয়। তাই নিজের PF সংক্রান্ত তথ্য জানতে EPFO-র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন এবং কোনও অবস্থাতেই OTP বা পাসওয়ার্ড অন্যের সঙ্গে শেয়ার করবেন না।