বাড়ি ভেঙে মৃত ২, ইঞ্জিনিয়ারদের সাসপেন্ডের নির্দেশ দিল্লির মুখ্যমন্ত্রীর

পুরনো দিল্লির চান্দনি চক এলাকায় নির্মীয়মাণ তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে শিশমহলের গলি সিতারায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই কড়া পদক্ষেপ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সংশ্লিষ্ট এলাকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (AE) এবং জুনিয়র ইঞ্জিনিয়ারকে (JE) অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দু’জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে এবং তাঁদের পরিবারকে দ্রুত আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেন আধিকারিকদের।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, তদন্তে যাঁদের গাফিলতি বা দোষ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তাই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে নির্মাণকাজের সময় বাড়ির কাঠামোগত নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

উদ্ধারকাজে একাধিক সংস্থাকে নামানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি দমকল, দিল্লি পুলিশ, দিল্লি পুরনিগম (MCD), দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (DDMA), সেন্ট্রাল অ্যাক্সিডেন্ট ট্রমা সার্ভিসেস (CATS) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। যৌথভাবে চলছে ধ্বংসস্তূপে তল্লাশি, উদ্ধার এবং এলাকা পরিষ্কারের কাজ।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির উপরাজ্যপাল তরনজিৎ সিং সান্ধুও। উদ্ধারকাজ দ্রুত শেষ করতে সমস্ত প্রশাসনিক ও জরুরি পরিষেবা সংস্থাকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন উপরাজ্যপাল। দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।