নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ!বিপাকে প্রাক্তন নাইট

প্রাক্তন কেকেআর তারকা তথা অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস লিনকে ঘিরে ক্রিকেটমহলে বিতর্ক। ম্যাচে নামার আগে নিষিদ্ধ মাদক কোকেন সেবনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের জেরে লিনকে এক মাসের জন্য নির্বাসিত করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ইসিবি জানিয়েছে, ইতিমধ্যেই সেই নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ঘটনার সূত্রপাত গত ১৮ জুলাই। ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টের ফাইনালের দিন নিয়মমাফিক ডোপ পরীক্ষার মুখোমুখি হন ক্রিস লিন। সেই পরীক্ষাতেই তাঁর শরীরে মেলে নিষিদ্ধ পদার্থ বেঞ্জয়লেকগোনিন (Benzoylecgonine), যা কোকেন সেবনের সঙ্গে সম্পর্কিত। সেই সময় নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন অজি ওপেনার। জানা গিয়েছে, মূলত কোকেন শরীরে প্রবেশের পর এই উপাদান তৈরি হয়। ক্রীড়াবিদদের জন্য এটি নিষিদ্ধ পদার্থের তালিকাভুক্ত। তবে এই উপাদান সরাসরি খেলার পারফরম্যান্সে উল্লেখযোগ্য প্রভাব ফেলে না বলেই দাবি করা হচ্ছে।

নিষিদ্ধ পদার্থের উপস্থিতির বিষয়টি সামনে আসতেই নিজের ভুল স্বীকার করেন ক্রিস লিন। এরপর তাঁর বিরুদ্ধে তিন মাসের নির্বাসনের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পাশাপাশি তাঁকে পুনর্বাসন কর্মসূচিতেও পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের আগেই সেই কর্মসূচি শেষ করায় শাস্তির মেয়াদ কমিয়ে এক মাস করা হয়। ইতিমধ্যেই সেই নিষেধাজ্ঞার সময়সীমা পেরিয়ে গিয়েছে। শুক্রবার গোটা বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনে ইসিবি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত পরিচিত মুখ ক্রিস লিন। বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। একসময় কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসার নাম ছিলেন এই ডানহাতি ওপেনার। কেকেআর ছাড়াও আইপিএলে ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সিতে ১৮টি টি-২০ এবং চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার। বর্তমানে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন লিন। আসন্ন বিগ ব্যাশ মরশুমে তাঁকে দেখা যাবে মেলবোর্ন রেনেগেডসের হয়ে।