এ বার হাওড়ার রাস্তায় ‘দুর্গা বাহিনী’!

উৎসবের মরশুমে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ হাওড়া পুলিশ কমিশনারেটের। ধনতেরাস, কালীপুজো, দীপাবলি থেকে ছটপুজো—উৎসবের ভিড়ে যাতে মহিলাদের কোনও রকম সমস্যায় পড়তে না হয়, সে জন্য রাস্তায় নামানো হয়েছে বিশেষ মহিলা পুলিশ বাহিনী ‘দুর্গা বাহিনী’। শহরের বিভিন্ন জনবহুল এলাকা, বাজার এবং শপিং জ়োনে নিয়মিত টহল দিচ্ছেন বাহিনীর সদস্যেরা। বিপদে পড়লে একটি ফোনেই মিলবে পুলিশি সাহায্য।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা

পুলিশ সূত্রে খবর, সালকিয়ার হরগঞ্জ বাজার-সহ হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে এই বিশেষ নজরদারি। প্রতিদিন দু’বেলা বিভিন্ন থানা এলাকায় টহল দিচ্ছেন মহিলা পুলিশকর্মীরা। দুর্গা বাহিনীর সদস্য মৌমিতা অধিকারী জানান, নতুন সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য মহিলাদের মধ্যে নিরাপত্তার বোধ আরও জোরদার করা। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে পুলিশের সঙ্গে নির্দ্বিধায় কথা বলতে পারেন, সেই পরিবেশও তৈরি করতে চাইছেন তাঁরা।

কোনও মহিলা রাস্তায় হেনস্থার শিকার হলে, বিপদে পড়লে কিংবা কোনও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলে ১১২ নম্বরে ফোন করতে পারবেন। ফোনে নিজের সঠিক অবস্থান জানালেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করবে দুর্গা বাহিনী। শুধু রাস্তায় টহল দেওয়াই নয়, স্কুলে স্কুলে গিয়েও ছাত্রীদের সচেতন করার কাজ করছেন এই মহিলা পুলিশকর্মীরা।

এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। সালকিয়ার বাসিন্দা কুসুম ভট্টাচার্য-সহ বাজারে আসা একাধিক মহিলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, উৎসবের ভিড়ে মহিলা পুলিশকর্মীদের সরাসরি টহল নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি ভরসা জোগাচ্ছে। বিশেষত কেনাকাটা করতে বেরিয়ে মহিলারা এখন আগের তুলনায় বেশি নিশ্চিন্ত বোধ করছেন।

উৎসবের আনন্দে যাতে নিরাপত্তার অভাব বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই হাওড়ার রাস্তায় সক্রিয় ‘দুর্গা বাহিনী’। পুলিশের এই বিশেষ উদ্যোগে মহিলাদের নিরাপত্তা আরও মজবুত হবে বলেই আশা স্থানীয়দের।