চলন্ত ট্রেনে আচমকা আগুন। শুক্রবার পঞ্জাবের পটিয়ালা জেলার রাজপুরার কাছে অমৃতসরগামী কর্মভূমী এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ট্রেনের সমস্ত যাত্রীকে নিরাপদে বার করে আনা হয়েছে বলে জানিয়েছে রেল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
রেল সূত্রে খবর, ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেস অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করে। শুক্রবার দুপুর ১২টা ৫৮ মিনিট নাগাদ ফতেগড় সাহিবের সাধুগড় স্টেশন ছাড়ার কিছু পরেই ট্রেনের ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন নজরে আসে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি কামরায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
আগুন দেখতে পেয়েই তৎপর হন চালক এবং গার্ড। জরুরি ব্রেক কষে ট্রেন থামানো হয় সরাই বানজারা স্টেশনের কাছে, শিরহিন্দ-রাজপুরা শাখায়। ট্রেন থামতেই প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। অনেকে দরজা দিয়ে নেমে পাশের মাঠের দিকে ছুটে যান। আতঙ্কে কয়েক জন চলন্ত ট্রেন থেকেও ঝাঁপ দেন বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলকর্মী, পুলিশ এবং দমকলের একাধিক দল। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজে সাহায্যের জন্য দুপুর ১টা ২০ মিনিটে আম্বালা থেকে Accident Relief Medical Equipment (ARME) নিয়ে একটি মেডিক্যাল রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
আম্বালা ডিভিশনের ডিআরএম বিনোদ কুমার ভাটিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁর বক্তব্য, এখনও পর্যন্ত কোনও যাত্রী আহত বা নিহত হওয়ার খবর নেই। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল।