চার বছরে পা দিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ে রাহা। ৬ নভেম্বর ছিল তার জন্মদিন। মেয়ের বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই আনন্দে কাটালেন বলিউডের তারকা দম্পতি। শনিবার সমাজমাধ্যমে রাহার জন্মদিনের বেশ কিছু ছবি ভাগ করে নিলেন আলিয়া।

আলিয়ার পোস্টের প্রথম ছবিতেই ধরা পড়েছে কাপুর পরিবারের আদুরে মুহূর্ত। ছবিতে দেখা যাচ্ছে, রণবীর এবং আলিয়া মেয়েকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটছেন। ছবিটির সঙ্গে আলিয়া লিখেছেন, ‘‘she’s 4’’। ছবিতে রাহার মুখ পুরোপুরি স্পষ্ট না হলেও বাবা-মায়ের সঙ্গে তার বিশেষ মুহূর্ত নজর কেড়েছে অনুরাগীদের।

পরের ছবিতে দেখা যাচ্ছে, সুন্দর একটি ফ্রক পরে বাড়ির মধ্যে ছুটে বেড়াচ্ছে ছোট্ট রাহা। সেই ছবির সঙ্গে মেয়েকে ‘আমাদের ছোট্ট ইউনিকর্ন’ বলে ক্যাপশন দিয়েছেন আলিয়া। আরও একটি ছবিতে মেয়েকে চুম্বন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। মা-মেয়ের সেই স্নেহের মুহূর্তও মন ছুঁয়েছে অনুরাগীদের।

রাহার জন্মদিন উপলক্ষে আলিয়ার পোস্টে শুভেচ্ছার বন্যা। অভিনেতা সোনু সুদ লিখেছেন, ‘‘হ্যাপি বার্থডে রাহা’’। করিশ্মা কাপুর একাধিক রেড হার্ট ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এক অনুরাগীর মন্তব্য, ‘‘কিউটেস্ট ফ্যামিলি।’’

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ও রণবীর। ওই বছরের নভেম্বরেই তাঁদের জীবনে আসে রাহা।

কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন তারকা দম্পতি। রণবীরের ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রামের চরিত্রে অভিনয় নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে। ছবিতে সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।
অন্য দিকে, আলিয়ার হাতে রয়েছে ‘তুম্বাড ২’। পাশাপাশি সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে তাঁকে।