সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এবার মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একাধিক চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক। এমনকী পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে অভিষেককে ‘প্যারাসুট পলিটিশিয়ান’ বলে কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, অভিষেকের মুখের এই ধরনের বড় বড় কথা বাস্তবে নয়, সিনেমার পর্দাতেই বেশি মানায়। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মন্ত্রী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা জবাব দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, রাজনীতিতে শুভেন্দু অধিকারী অভিষেকের মতো আচমকা এসে জায়গা করে নেননি। বরং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দু’বার পরাজিত করেছেন তিনি। অভিষেকের চ্যালেঞ্জ ছোড়ার ভঙ্গিকেও কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, এ ধরনের সংলাপ সিনেমার পর্দায় মানায়, বাস্তব রাজনীতিতে নয়। এরপর অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অগ্নিমিত্রা বলেন, শুধু কথার লড়াইয়ে না গিয়ে পুরভোটে কাউন্সিলর পদে প্রার্থী দিয়ে জিতে দেখাক তাঁর দল। তাহলেই বোঝা যাবে, বাংলার কত মানুষের সমর্থন তাঁদের পিছনে রয়েছে।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের যে কোনও পুরসভা এলাকায় কাউন্সিলর পদে প্রার্থী হয়ে জিতে দেখান মমতা। তারপর অভিষেককে এ ধরনের মন্তব্য করতে বলতে পারেন তিনি। অগ্নিমিত্রার কটাক্ষ, সিনেমার সংলাপের মতো বড় বড় কথা না বলে ভোটের ময়দানে নিজেদের জনসমর্থন প্রমাণ করা উচিত। উল্লেখ্য, এর আগেও মমতাকে পুরভোটে লড়ার চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। শুভেন্দুর বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে নিজের ওয়ার্ড ৭৩ নম্বর থেকে নতুন প্রতীকে ভোটে দাঁড়িয়ে জিতে দেখান। তাঁর দাবি, নিজের এলাকায় জয় নিশ্চিত করার পরেই অন্য জায়গায় গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখা উচিত।