ডাকার যুব অলিম্পিক্স ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রাখলেন কুস্তিগির তানিয়া। মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপোর পদক জিতে যুব অলিম্পিক্সের ইতিহাসে ভারতের কুস্তিতে প্রথম পদক এনে দিলেন তিনি। সেনেগালের ডাকার শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় ফাইনালে চিনের মিন ঝাওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে যান তানিয়া। মিন ২০২৫ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ফাইনালে ওঠার আগে সেমিফাইনালে আমেরিকার মাতিলদা হ্রুবিকে ৩-১ ব্যবধানে হারান তানিয়া। এবারের যুব অলিম্পিক্সেই প্রথমবারের জন্য অন্তর্ভুক্ত হয়েছে বিচ রেসলিং বা সমুদ্রসৈকতে কুস্তি। এই প্রতিযোগিতার আগে থেকেই দারুণ ছন্দে ছিলেন ভারতীয় এই কুস্তিগির। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এর আগে অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও রুপোর পদক পেয়েছিলেন তানিয়া।
তানিয়ার এই সাফল্যের ফলে ডাকার যুব অলিম্পিক্সে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়াল সাত। এর মধ্যে রয়েছে তিনটি রুপো এবং চারটি ব্রোঞ্জ। মহিলাদের ৬৩ কেজি জুডো বিভাগে রুপো জিতেছেন খুশবু রাজকুমারভাই দরজাদা। ব্যাডমিন্টনে রুপোর পদক পেয়েছেন তন্বী পাত্রিও।
সাঁতারে জোড়া ব্রোঞ্জ জিতেছেন ধিনিধি দেশিংহু। মহিলাদের ১০০ মিটার ও ২০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে এই পদক পেয়েছেন তিনি। এর ফলে এক যুব অলিম্পিক্সে একাধিক পদক জেতা প্রথম ভারতীয় খেলোয়াড়ের নজির গড়েছেন ধিনিধি। অন্যদিকে, পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতের হয়ে যুব অলিম্পিক্সে সাঁতারে প্রথম পুরুষ পদকজয়ী হয়েছেন তীর্থঙ্ক পেগু। এছাড়া মহিলাদের চাংকুয়ান কম্বাইন্ড উশু বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রাজকুমারী লানচেনবি চানু। সব মিলিয়ে যুব অলিম্পিক্সের চারটি আসর মিলিয়ে ভারতের পদকসংখ্যা এখন ৩০। এর মধ্যে রয়েছে তিনটি সোনা, ১৯টি রুপো এবং আটটি ব্রোঞ্জ। ডাকারেও ভারতীয় খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্য দেশের পদকসংখ্যা আরও বাড়াল।