আচমকাই ভারতীয় বিনিয়োগকারীদের প্রায় ১০০ কোটি টাকার শেয়ার বেহাত! অনুমতি ছাড়াই, কোনও রকম যাচাই ছাড়াই মার্কিন প্রযুক্তি সংস্থার শেয়ার বিক্রি করে দেওয়ার অভিযোগ ঘিরে যখন তোলপাড়, তখনই প্রকাশ্যে এল আরও বিস্ফোরক তথ্য। সেই ঘটনায় নাম জড়িয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের। অভিযোগ, চিনা ব্যবসায়ী তথা সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে চিনে তথ্য পাচারের অভিযোগ স্বীকার করেননি জেনসেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
মাসখানেক আগে অভিযোগ ওঠে, এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, টেসলা, অ্যালফাবেটের মতো মার্কিন সংস্থায় বিনিয়োগকারী ভারতীয়দের প্রায় ১০০ কোটি টাকার শেয়ার তাঁদের অনুমতি ছাড়াই বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ, মাত্র ২ থেকে ১৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সেরে ফেলা হয়। শেয়ার বিক্রির আগে প্রয়োজনীয় যাচাইও করা হয়নি বলে অভিযোগ। বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা স্টক্যালের মাধ্যমে ওই মার্কিন সংস্থাগুলির শেয়ারে বিনিয়োগ করতেন ভারতীয়রা। বিপুল ক্ষতির পর সেবি-সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন বিনিয়োগকারীরা।
এরই মধ্যে নজরে আসে এনভিডিয়া কর্তার নাম। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে দাবি করা হয়, চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অ্যালিসের সঙ্গে চিনা গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে বলেও মার্কিন তদন্তে উঠে এসেছে বলে দাবি সংবাদপত্রটির। এমনকি এনভিডিয়ার অত্যাধুনিক AI চিপ চিনে পৌঁছে দেওয়া এবং সংস্থার সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও ওঠে।

এই অভিযোগ সামনে আসার পর জেনসেনের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে এনভিডিয়া। তদন্ত চলাকালীন বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন ৬৩ বছরের জেনসেন। সকলের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তবে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই গিয়েছে—চিনে আদৌ কোনও গোপন তথ্য পাচার করা হয়েছিল কি না। অভিযোগ প্রমাণিত হলে তা শুধু এনভিডিয়ার ব্যবসা নয়, আমেরিকা-চিন সম্পর্কের পাশাপাশি ভারতের নিরাপত্তা ও প্রযুক্তি-স্বার্থ নিয়েও নতুন উদ্বেগ তৈরি করতে পারে। যদিও ভারতীয় বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকার শেয়ার-কাণ্ডের সঙ্গে জেনসেনের ব্যক্তিগত সম্পর্কের কোনও সরাসরি যোগ এখনও প্রমাণিত হয়নি।