আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার হোয়াইট হাউসে বৈঠক করতে চলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানি। হোয়াইট হাউসের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ইরানের সঙ্গে নতুন করে সংঘর্ষবিরতি কার্যকর করা এবং পরমাণু আলোচনা ফের শুরু করার বিষয়ে তাঁদের মধ্যে কথা হবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও আলাদা করে দেখা করবেন কাতারের প্রধানমন্ত্রী। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কাতার। ইরানের পরমাণু কর্মসূচি এবং চলতি সংঘাত শেষ করার শর্ত নিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করছে তারা। পাশাপাশি, দুই পক্ষের মধ্যে কূটনৈতিক প্রস্তাব আদানপ্রদানেও সাহায্য করছে দোহা।
তবে ইরানের সঙ্গে আলোচনায় এখনও বিশেষ অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। রবিবার তিনি বলেন, খুব শীঘ্রই কোনও বড় সমাধানসূত্র বেরিয়ে আসবে, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না।জি-৭ বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন রুবিও। তাঁর কথায়, কূটনৈতিক পথে সমস্যার সমাধান চান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের দেওয়া শর্তগুলিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি। রুবিওর দাবি, ইরানের কিছু শর্ত এতটাই অযৌক্তিক যে বাস্তবে সেগুলি মেনে নেওয়া সম্ভব নয়।
অন্যদিকে, আলোচনা এগোলে ইরানের উপর নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন ট্রাম্প। রবিবার CNN-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা ইতিমধ্যেই ইরানের সামরিক শক্তিকে বড় ধাক্কা দিয়েছে। তাই নতুন করে হামলার প্রয়োজন পড়ার সম্ভাবনা কম। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ওরা শক্তিশালী একটি চুক্তিতে সই করবে কি না, তার উপর সবকিছু নির্ভর করছে।” ট্রাম্প আরও দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিকে ইতিমধ্যেই নিশানা করার পরিকল্পনা তৈরি করে রেখেছে মার্কিন সেনা। সেই তালিকায় রয়েছে বিদ্যুৎকেন্দ্র ও সেতু। তাঁর কথায়, চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যে ৩৮টি সেতু ধ্বংস করে দিতে পারে আমেরিকা। তবে ট্রাম্পের দাবি, “সম্ভবত এর কোনও প্রয়োজন হবে না। ওরা চুক্তি করতে মরিয়া।” এর আগে হোয়াইট হাউস ছাড়ার সময়ও ইরানের সঙ্গে আলোচনা চলার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে ইরানকে আর্থিক সাহায্য করার অভিযোগে কানাডার আটটি সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচারে ইরানকে সাহায্য করেছিল ওই সংস্থাগুলি।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে কথা বলছি। আগে থেকেই আলোচনা চলছে।” ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকার সাফল্যের দাবিও করেন তিনি। তাঁর দাবি, হরমুজ প্রণালী ফের খুলতে শুরু করেছে। ট্রাম্পের কথায়, “আমরা ইরানকে হারিয়েছি। ইরানের বিরুদ্ধে আমরা খুব ভাল অবস্থানে রয়েছি।” তেহরানকে কী বার্তা দিতে চান, সেই প্রশ্নের উত্তরে সামরিক সাফল্যের কথা বললেও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টিও স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, মার্কিন অর্থ দপ্তর জানিয়েছে, ‘অপারেশন ইকনমিক আউটকাস্ট’-এর আওতায় কানাডায় কাজ করা আটটি মানি সার্ভিস সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, ওই সংস্থাগুলি ইরানের মুদ্রা রিয়াল-সহ বিভিন্ন দেশের মুদ্রা ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সিতে বদলে আন্তর্জাতিক লেনদেনে সাহায্য করত। এর মধ্যে কয়েকটি সংস্থার সঙ্গে নিষিদ্ধ ইরানি ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (IRGC) সঙ্গে যুক্ত ডিজিটাল ওয়ালেটের যোগাযোগ ছিল বলেও দাবি করেছে মার্কিন প্রশাসন।
আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার প্রথম পর্বের আট মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইরান নিয়ে ট্রাম্পের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। একদিকে তিনি সামরিক সাফল্যের দাবি করছেন, অন্যদিকে আলোচনার মাধ্যমে সংঘাত শেষ করার কথাও বলছেন। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও মতপার্থক্য কাটেনি। আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনাতেও বিশেষ অগ্রগতি হয়নি।