ঢাকার বস্তি দেখিয়ে ‘নয়াদিল্লি’ প্রচার!

বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি ও ঘিঞ্জি এলাকার ভিডিয়ো দেখিয়ে চিনের সমাজমাধ্যমে সেগুলিকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করা হচ্ছে! শুধু তা-ই নয়, সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা, স্বাস্থ্যবিধি এবং পরিবেশ নিয়ে কুরুচিকর মন্তব্যও করছেন চিনা ভ্লগারেরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

প্রায় ১৫০ জন চিনা নাগরিক এই কাজে যুক্ত বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, তবে কি পরিকল্পিত ভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে?

৬ নভেম্বর বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-তে প্রকাশিত একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরা সেক্টর ১২ এবং টেকপাড়ার মতো নিম্নবিত্ত এলাকায় ভিডিয়ো করছেন চিনা নাগরিকেরা। পরে সেই ভিডিয়ো চিনের উইচ্যাট এবং দৌইন-এর মতো সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেখানে জায়গাটিকে নয়াদিল্লি বলে পরিচয় দেওয়া হচ্ছে।

‘মিয়ানমিয়ান’ নামে এক চিনা মহিলা ১ নভেম্বর উত্তরা এলাকায় একটি খালের পাশে দাঁড়িয়ে লাইভ করেন। সেখানকার বাড়িগুলিকে ‘নোংরা’, ‘অনুন্নত’ এবং ‘অস্বাস্থ্যকর’ বলে বর্ণনা করেন তিনি। অন্য এক ভ্লগার ‘ওয়াং ওয়েই’ স্থানীয় চায়ের দোকানের ভিডিয়ো দেখিয়ে দাবি করেন, সেখানকার মানুষ গোমূত্র এবং নোংরা জলের তৈরি চা পান করেন!

এমন ঘটনা অবশ্য নতুন নয়। মে মাসেও বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য বিজ়নেস স্ট্যান্ডার্ড’ ঢাকার নিম্নবিত্ত এলাকায় চিনা ভ্লগারদের ভিডিয়ো করার বিষয়টি সামনে এনেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁদের বাড়ি, রান্নাঘর এমনকি শৌচাগারেও ঢুকে ভিডিয়ো করা হয়েছে। স্থানীয় কয়েক জন মহিলাকে দৈনিক ৫০০ থেকে ১০০০ টাকা দিয়ে তাঁদের সাহায্য নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি।

তবে এই ভিডিয়ো তৈরির প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। কয়েক জন চিনা নাগরিক অবশ্য জানিয়েছেন, পণ্যের প্রচারের জন্যই এই সম্প্রচার। ঢাকার পুলিশের তরফেও জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিনা ভ্লগারেরা স্বাধীন ভাবে কাজ করছেন, নাকি এর পিছনে সংগঠিত কোনও প্রচার রয়েছে, তা এখনও প্রমাণিত হয়নি।