প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ‘দেশবিরোধী’ এবং বিদেশি শক্তির নিয়ন্ত্রণে থাকার অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীকে তাঁর সঙ্গে মুখোমুখি বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা। সোমবার সমাজমাধ্যমে পোস্ট করে রাহুল জানান, তাঁর আগের চ্যালেঞ্জ এখনও বহাল রয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর উদ্দেশে করা পোস্টে রাহুল দাবি করেন, জওয়ানদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা গিয়েছিল যে তাঁরা প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করেননি। তাঁর কথায়, ‘‘আপনাদের মুখই সব বলে দিয়েছে। আপনারা প্রধানমন্ত্রীর মিথ্যা কথা বিশ্বাস করেননি। তিনি আমাদের নকশাল বলেছেন।’’
এর পরেই মোদীকে সরাসরি চ্যালেঞ্জ করে রাহুল বলেন, ‘‘কে দেশবিরোধী এবং কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে—এই নিয়ে আমার সঙ্গে বিতর্ক করুন। যে কোনও সময়, যে কোনও জায়গায়।’’ তাঁর আরও দাবি, বিতর্কের পর কোনও জওয়ানের সামনে দাঁড়ানোর সাহসও প্রধানমন্ত্রীর থাকবে না।
রাহুলের এই মন্তব্যের সূত্রপাত রবিবার প্রধানমন্ত্রীর বস্তার সফর। সেখানে দীপাবলি উপলক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলার সময় মোদী বলেন, সশস্ত্র নকশালদের জঙ্গলের ভিতর থেকে নির্মূল করা গেলেও নকশালবাদের বিপদ এখনও শেষ হয়নি। তাঁর অভিযোগ, ‘দিমাগি নকশাল’ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের ভিতরে ঢুকে সংবিধান এবং গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছে।
মোদী আরও বলেন, অতীতে নকশাল দমনে নিয়োজিত নিরাপত্তাবাহিনীর হাত বেঁধে রাখা হয়েছিল। তাঁর সরকারের আমলে বাহিনীকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগেও প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন রাহুল। মোদী বিদেশি সাহায্যে প্রধানমন্ত্রী হয়েছেন এবং ভারতের আর্থিক ব্যবস্থা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছে—এমন অভিযোগও করেছিলেন তিনি। সেই অভিযোগ নিয়েই বিতর্কের ডাক দিয়ে রাহুল বলেছিলেন, ‘‘যে কোনও মঞ্চে, যে কোনও সময়’’ মোদীর সঙ্গে মুখোমুখি হতে প্রস্তুত তিনি। এবার ফের সেই চ্যালেঞ্জই সামনে আনলেন কংগ্রেস নেতা।