শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিতে নয়, গোটা দেশেই অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করতে চায় কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এমনই জানালেন কেন্দ্রীয় আইন ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁর বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধির সাংবিধানিক ভিত্তি রয়েছে। তাই কয়েকটি রাজ্যের মধ্যে এই আইনকে সীমাবদ্ধ রাখার কোনও যুক্তি নেই। মন্ত্রীর এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেঘওয়ালকে প্রশ্ন করা হয়েছিল, অভিন্ন দেওয়ানি বিধি কি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কার্যকর হবে, নাকি গোটা দেশেই তা চালু করার পরিকল্পনা রয়েছে? উত্তরে তিনি জানান, সংবিধান প্রণেতারা ৪৪ নম্বর অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধির কথা উল্লেখ করেছেন। এই বিষয়ে সুপ্রিম কোর্টও একাধিক বার মন্তব্য করেছে। গোয়ায় দীর্ঘদিন ধরেই এই আইন কার্যকর রয়েছে। এমনকি সেখানে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই এই ব্যবস্থা চালু ছিল।
মেঘওয়ালের কথায়, কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে দেশের সর্বত্র অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়া উচিত। সেই লক্ষ্যেই সরকার এগোচ্ছে।
উল্লেখ্য, বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি অভিন্ন দেওয়ানি বিধি। রামমন্দির নির্মাণ এবং জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই ইস্যুতেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছিলেন, প্রত্যেক নাগরিকের জন্য একই আইন কার্যকর করা বিজেপির অন্যতম লক্ষ্য। ২০২৯ সালের আগে বিজেপি ও এনডিএ শাসিত ২১টি রাজ্যে ইউসিসি চালুর পরিকল্পনার কথাও বলেছিলেন তিনি।
ইতিমধ্যেই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করেছে। গোয়াতেও দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চালু রয়েছে। এ ছাড়া গুজরাট, অসম এবং মধ্যপ্রদেশেও ইউসিসি চালুর প্রক্রিয়া নিয়ে তৎপরতা বেড়েছে। ফলে কেন্দ্রীয় মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বলেই মনে করা হচ্ছে।