আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডির দফতরে হাজির হলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রথম নোটিসে সাড়া দেননি তিনি। তবে দ্বিতীয়বার তলবের পর মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ।

ইডির তরফে এদিন সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ে না পৌঁছলেও আইনজীবীর মাধ্যমে তদন্তকারীদের জানানো হয়, দুপুরে হাজির হবেন তিনি। সেই অনুযায়ী, দুপুর ১টা ৬ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে কী কী প্রশ্নের মুখে পড়তে হয়, সেদিকেই নজর তদন্তকারীদের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এর আগে গত ৪ নভেম্বর, বুধবার ইডির তলব থাকা সত্ত্বেও হাজিরা এড়িয়ে যান সন্দীপ ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেদিন তাঁর আইনজীবী ইডি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য আরও ১৫ দিন সময় চেয়ে আবেদন জানান তিনি। পাশাপাশি, সরাসরি দফতরে হাজির হওয়ার পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁর তরফে। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় নোটিসের পর মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রায় দু’বছর জেলবন্দি থাকার পর বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে।
অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই বিতর্কের কেন্দ্রে চলে আসেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। সেই মামলাতেই প্রথমে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই মামলায় জামিন পেলেও আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগে ফের গ্রেফতার হন তিনি। এই মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের পাশাপাশি ইডির হাতেও। তদন্তের স্বার্থেই সন্দীপ ঘোষকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হলেন তিনি।