ভোটে জিতলে গণতন্ত্রের জয়, আর হারলেই কি ভোটচুরি? অন্তত সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ দেখলে এমন প্রশ্ন উঠতেই পারে। ভারতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দীর্ঘদিন ধরেই ভোটচুরির অভিযোগ তুলে সরব। কখনও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, কখনও ভোটার তালিকা সংশোধন বা ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে আক্রমণ। আর এবার আমেরিকার মাটিতেও শোনা গেল প্রায় একই সুর। নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ট্রাম্প নন, এর কয়েকদিন আগেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছিলেন। প্রশ্ন হল, সত্যিই কি কোথাও ভোটে কারচুপি হয়েছে। নাকি নির্বাচনের ফলাফল প্রত্যাশামতো না হলেই সামনে চলে আসছে ভোটচুরির অভিযোগ?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্রথমেই আসা যাক আমেরিকার কথায়। ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন। এই নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এর ফলে ট্রাম্পের প্রশাসনের পক্ষে আগামী দু’বছর আইন প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে রাজনৈতিক বাধা বাড়তে পারে। নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমদিকে ট্রাম্প অবশ্য পরাজয়ের দায় ভোটের কারচুপির উপর চাপাননি। বরং বলেছিলেন, ব্যালটে তাঁর নিজের নাম না থাকায় সাধারণ মানুষ ভোট দিতে উৎসাহ পাননি। কিন্তু কয়েকদিনের মধ্যেই বদলে গেল তাঁর সুর।
৯ নভেম্বর নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে নির্বাচনের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্পের বক্তব্য, “কেউ কি সত্যিই বিশ্বাস করেন যে এই নির্বাচন সৎভাবে হয়েছে?
জনমত সমীক্ষার সঙ্গে নির্বাচনের ফলাফলের এতটা পার্থক্য কীভাবে হল।” ভোটের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুধু তাই নয়, তাঁর অভিযোগ, আগাম ভোটের বিপুল সংখ্যক ব্যালট একসঙ্গে সামনে আসায় রিপাবলিকানদের পক্ষে জেতা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। এরপর সরাসরি ভোটিং মেশিনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তাঁর বক্তব্যের মূল সুর, ভোটারের চেয়েও নাকি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেশিন। যদিও নিজের এই অভিযোগের সমর্থনে কোনও নির্দিষ্ট প্রমাণ সামনে আনেননি মার্কিন প্রেসিডেন্ট।
এবার আসা যাক ইজরায়েলের ঘটনায়। আমেরিকার আগে সেখানেও নির্বাচনের ফলাফল ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেন, নির্বাচনে আরব দলগুলির সাফল্যের পিছনে ভোট কারচুপির ভূমিকা থাকতে পারে। তাঁর দাবি ছিল, ভোটগ্রহণের সময় ঘুষ, হুমকি, ছাপ্পা ভোট ও ভুয়ো নথি ব্যবহারের মতো ঘটনা ঘটেছে। এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে তদন্তের কথাও জানায় ইজরায়েলের নির্বাচন সংক্রান্ত কর্তৃপক্ষ। অন্যদিকে, আরব রাজনৈতিক নেতারা নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাঁদের পালটা বক্তব্য, এই ধরনের মন্তব্য আসলে আরব ভোটারদের রাজনৈতিক অংশগ্রহণকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের উত্থান ও আরব দলগুলির ভোটের ফলাফল ইজরায়েলের রাজনৈতিক সমীকরণে নতুন পরিস্থিতি তৈরি করেছে।
আর ভারতের পরিস্থিতি? এখানেও ভোটচুরি শব্দটি গত কয়েক বছর ধরে রাজনৈতিক আলোচনার অন্যতম পরিচিত শব্দ হয়ে উঠেছে। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি, ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন। ২০২৬ সালেও এই অভিযোগে সরব হয়েছেন তিনি। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তাঁর আপত্তি রয়েছে। দিল্লির বেলা এস্টেট এলাকার ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল। এমনকি ককরোচ জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ভোট চুরি ও ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছে। ভোটে হারলেই কি ভোটচুরির অভিযোগ? ভারত থেকে আমেরিকা এমনকি ইজরায়েলেও একই বিতর্ক।