কলকাতা-মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকের হুমকি!

কয়েক দিন আগেই পর পর দু’দিন কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার হাইজ্যাকের হুমকি। বুধবার কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হাইজ্যাকের হুমকি লেখা চিরকুট উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে।

বিমানবন্দর সূত্রে খবর, সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সেই সময় ককপিটে ওঠেন পাইলট। তাঁর নজরে আসে একটি চিরকুট। তাতে লেখা ছিল, ‘বিমানটি হাইজ্যাক হবে।’ বিষয়টি দেখেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। এরপর নিরাপত্তার স্বার্থে বিমানটিকে মূল বে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।

বিমানে থাকা যাত্রীদের দ্রুত নামিয়ে দেওয়া হয়। গোটা বিমানটি ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF। কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, কড়া নিরাপত্তার মধ্যে থাকা ককপিটে কী ভাবে ওই চিরকুট পৌঁছল।

বাণিজ্যিক পাইলট ক্যাপ্টেন অরিন্দম দত্ত বলেন, এ ধরনের ঘটনা অতীতে একাধিক বার ঘটেছে। অনেক সময় কোনও যাত্রী দেরি করে বিমান ধরার চেষ্টা করতে গিয়ে পরিচিত কাউকে দিয়ে হাইজ্যাকের হুমকি লেখা বা ফোন করানোর মতো ঘটনা ঘটান। তবে ইচ্ছাকৃত ভাবে এমন ঘটনা ঘটিয়ে ধরা পড়লে জেল-সহ কঠোর শাস্তি হতে পারে। পাশাপাশি উড়ান দেরি হওয়ায় বিপুল আর্থিক ক্ষতিও হয়।

এর আগে ফুকেট থেকে কলকাতাগামী একটি বিমানের শৌচালয়ের আয়নায় ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’ লেখা ঘিরেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। পর পর এমন ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।