জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা CRPF জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল মোটরবাইকে আসা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুধবার দুপুরের এই ঘটনায় তিন জন CRPF কর্মী আহত হয়েছেন। ঘটনার পরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
CRPF সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ কুলগামের একটি নাকা পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন CRPF জওয়ানরা। সেই সময় মোটরবাইকে করে সেখানে আসে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কোনও কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। আচমকাই হামলায় আহত হন তিন CRPF কর্মী।
গুলি চালানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাঁদের ধরতে সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। কুলগাম এবং সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে। হামলাকারীরা কোন দিকে পালিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আহত তিন CRPF কর্মীকে দ্রুত অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে CRPF জওয়ানদের নিশানা করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। হামলাকারীদের চিহ্নিত করতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার তথ্যও সংগ্রহ করা হচ্ছে।