কুলগাম হামলায় অমিত শাহকে নিশানা পবন খেরার

জম্মু-কাশ্মীরের কুলগামে CRPF জওয়ানদের উপর জঙ্গি হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন কংগ্রেস নেতা পবন খেরা। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর সন্ত্রাসবাদ বন্ধের যে দাবি কেন্দ্র করেছিল, তা আদৌ সফল হয়েছে কি না, বুধবার সেই প্রশ্নই তুলেছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এ দিন কুলগামের মীর বাজারে একটি নাকা পয়েন্টে CRPF কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। ঘটনায় তিন জন CRPF জওয়ান আহত হন। CRPF জানিয়েছে, দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ হামলাটি হয়। হামলার পরই পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহতদের অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের আঘাত সামান্য, তৃতীয় জনের অবস্থা তুলনামূলক গুরুতর বলে জানিয়েছেন আধিকারিকেরা। হামলাকারীদের ধরতে একাধিক নিরাপত্তা সংস্থার যৌথ তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এই ঘটনার পর সমাজমাধ্যমে অমিত শাহকে আক্রমণ করেন পবন খেরা। তিনি লেখেন, কুলগামের মীর বাজারে CRPF বাহিনীর উপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। আহত জওয়ানদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, দেশে এখনও সন্ত্রাসের হুমকি কেন রয়েছে।

খেরার বক্তব্য, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সময় অমিত শাহ দাবি করেছিলেন, এর ফলে সন্ত্রাসবাদের অবসান ঘটবে। প্রধানমন্ত্রীও সেই দাবিকে সমর্থন করেছিলেন। অথচ সাত বছর পর প্রকাশ্য বাজারে CRPF বাহিনীর উপর হামলার ঘটনা সেই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে বলে দাবি কংগ্রেস নেতার।

খেরা আরও বলেন, ৫ অগস্ট ২০১৯-এর পর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা যদি পূরণ না হয়, তবে তার দায় স্বরাষ্ট্রমন্ত্রীরই। তাঁর কটাক্ষ, অমিত শাহ কি তখন ভুল বলেছিলেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর কাজ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে—যে ভাবেই দেখা হোক, তিনি ওই পদে থাকার যোগ্য নন।