ভাইফোঁটার দিনে বোনের বাড়িতে গিয়ে ফোঁটা নিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তবে সেই পারিবারিক প্রসঙ্গ ছাপিয়ে এ দিন একাধিক রাজনৈতিক বিষয়ে মুখ খুললেন তিনি। পুরসভা নির্বাচন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাজ্যে বিনিয়োগ এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একের পর এক মন্তব্য করেন বিজেপি নেতা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ভাইফোঁটা নিয়ে তৃণমূলের অন্দরের সমীকরণ প্রসঙ্গে শমীক বলেন, “কারও পারিবারিক রসায়নে তেল-মশলা দেওয়ার ইচ্ছা আমাদের নেই। এগুলি একান্তই পারিবারিক বিষয়।” একই সঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন নিয়ে আদালতের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, নির্বাচন না হওয়ায় সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আদালতের প্রতি তাঁর আবেদন, দ্রুত বিষয়টির নিষ্পত্তি করে নির্বাচনের পথ খুলে দেওয়া হোক।
তবে পরিস্থিতি জটিল হলে পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগের প্রসঙ্গও তোলেন শমীক। তাঁর দাবি, তৃণমূলের কোনও “চিহ্নিত দুর্নীতিগ্রস্ত” নেতাকে দায়িত্ব দেওয়া হবে না। প্রয়োজন হলে বিজেপির স্থানীয় নেতাকর্মীরাই সেই দায়িত্ব পেতে পারেন। তবে নির্বাচনই তাঁদের প্রথম পছন্দ বলে স্পষ্ট করেন তিনি।
এ দিন রাজ্যে বিনিয়োগ নিয়েও আশাবাদী শমীক। তাঁর কথায়, পশ্চিমবঙ্গকে বিনিয়োগবান্ধব রাজ্য করার লক্ষ্যেই বিজেপি সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিল্প ও বিনিয়োগ বাড়াতে কেন্দ্রও রাজ্যকে সহযোগিতা করতে আগ্রহী।
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়েও মন্তব্য করেন বিজেপি সভাপতি। তাঁর বক্তব্য, প্রতিবেশী দেশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি। একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির তুলনা টেনে তৃণমূলকে আক্রমণ করেন তিনি।
এ ছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসাউদ্দিন ওয়াইসির মন্তব্যের জবাব দিতে গিয়ে শমীক বলেন, বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। তাঁর দাবি, দেশের ঐক্য ও অখণ্ডতার স্বার্থে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন। তবে তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।