মাঠের লড়াইয়ে বহু নজির গড়েছেন। এ বার ফুটবলের বাইরেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ফিফার বিশেষ উদ্যোগে জায়গা করে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। ফিফার দ্বিতীয় ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এ নির্বাচিত হয়েছেন তিনি। এই কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসাবে অংশগ্রহণের সুযোগ পেলেন ভারতীয় তারকা।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২০২৫ সালে শুধুমাত্র মহিলা ফুটবলারদের নিয়ে এই কর্মসূচির পরীক্ষামূলক আয়োজন হয়েছিল। এ বার তা সম্প্রসারিত করে বিশ্বের ১৩ জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছে ফিফা। তাঁদের মধ্যে ছেত্রী-সহ ১১ জন জুন মাসে আমেরিকার বস্টনে তিন দিনের বিশেষ কর্মশালায় যোগ দিয়েছিলেন।
এই কর্মসূচির মূল লক্ষ্য, ফুটবলারদের জনপ্রিয়তা, পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলাধুলায় সকলের সমান সুযোগ নিশ্চিত করার মতো বিষয়গুলিতে কাজ করবেন অংশগ্রহণকারীরা।
ছেত্রীর পাশাপাশি এই উদ্যোগে রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে এবং ব্রাজিলের গাবি নুনেসের মতো তারকারা।
এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছেত্রী। তাঁর কথায়, “এই সুযোগ পেয়ে আমি খুব খুশি। কর্মশালা থেকে পাওয়া শিক্ষাগুলি বাস্তবে কাজে লাগানোর জন্য অপেক্ষা করছি। এখানে নারী-পুরুষের কোনও পার্থক্য নেই। আমরা বিভিন্ন দেশের অসাধারণ ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি।”
ফিফার চিফ ফুটবল অফিসার জিল এলিসের মতে, মাঠের পারফরম্যান্সের বাইরেও সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরির ক্ষমতা রয়েছে ফুটবলারদের। আগামী ডিসেম্বরে লন্ডনে এবং ভার্চুয়াল বৈঠকে ফের একত্রিত হবেন অংশগ্রহণকারীরা। সেখানে নিজেদের সমাজকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি তুলে ধরবেন তাঁরা। ফলে বিশ্বমঞ্চে ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব আরও এক ধাপ এগিয়ে গেল।