আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। বৃহস্পতিবার সকালেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শুরু হল উচ্ছেদ অভিযান। বাড়ির সামনের ফুটপাথ দখল করে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী কাঠামো। এদিন বুলডোজার চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়। বাদ যায়নি ফুটপাতের উপর তৈরি হওয়া গেটও। একইসঙ্গে সরিয়ে ফেলা হয়েছে সেখানে থাকা পুলিশ কিয়স্কটিও। পুরসভা ও পুলিশের আধিকারিকদের উপস্থিতিতেই চলে এই অভিযান।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
অভিযান ঘিরে যাতে কোনওরকম উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সকাল থেকেই কালীঘাট রোডে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও। বাড়ির সামনের ফুটপাথ দখল করে রাখার অভিযোগ ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় সাংসদের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। বুলডোজার দিয়ে উচ্ছেদের আশঙ্কায় তার আগেই অস্থায়ী ছাউনি খুলে ফেলার উদ্যোগ নেন অভিষেকের অনুগামীরা। তবে সেই কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে হাজির হন পুরসভা ও পুলিশের আধিকারিকরা। সঙ্গে ছিল বুলডোজার। এরপরই শুরু হয় উচ্ছেদ অভিযান। যন্ত্রের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো। অন্যদিকে, ফুটপাতের উপর তৈরি লোহার গেটটি গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে ফেলা হয়।
এই ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করে মধ্যরাতে তাঁর কালীঘাটের বাড়ির সামনে একাধিকবার উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খোদ সাংসদও। শনিবার সকালেও সেই উত্তেজনার রেশ বজায় ছিল। সেই সময়ই এলাকার বাসিন্দারা ফুটপাথের উপর তৈরি অস্থায়ী ছাউনি ও গেট নিয়ে সরব হন। তাঁদের অভিযোগ, ফুটপাথ আটকে এই নির্মাণের জেরে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। স্থানীয়দের সেই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ ও পুরসভা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে বুলডোজার নিয়ে অভিযানে নামে প্রশাসন। ভেঙে সরিয়ে দেওয়া হয় ফুটপাথ দখল করে তৈরি হওয়া অস্থায়ী কাঠামো।অভিযান ঘিরে যাতে কোনওরকম উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সকাল থেকেই কালীঘাট রোডে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।