সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সিকিম

ভোরের ঘুম ভাঙল ভূমিকম্পের ঝাঁকুনিতে। বৃহস্পতিবার সকালেই কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং-সহ একাধিক এলাকা। একইসঙ্গে কাঁপুনি অনুভূত হয়েছে সিকিমের রাজধানী গ্যাংটক ও সংলগ্ন এলাকাতেও। আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। অনেকেই নিরাপত্তার কথা ভেবে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের কোশি প্রদেশের কাছাকাছি অঞ্চল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৬।ভারতীয় সময় ভোর সাড়ে ৪টে নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা নিয়ে অবশ্য বিভিন্ন রিপোর্টে ভিন্ন তথ্য উঠে এসেছে। কোথাও কম্পনের মাত্রা ৪.৬, আবার কোথাও ৫.১ বলে উল্লেখ করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। দার্জিলিং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এই কেন্দ্রের অবস্থান বলে জানা গিয়েছে। ভোরের দিকে আচমকা কম্পন অনুভূত হতেই শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যেই অনেকে মাটি কাঁপার বিষয়টি টের পান।

উদ্বেগ তৈরি হয় এলাকায় থাকা পর্যটকদের মধ্যেও। উত্তরবঙ্গ ও সিকিমের পাশাপাশি ভারত সীমান্তের বাইরেও কম্পনের প্রভাব পড়েছে বলে খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভুটান, চিন এবং বাংলাদেশের কয়েকটি এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনও খবর মেলেনি।