কাশ্মীরে ফের জঙ্গি হামলা। বুধবার দুপুরে কুলগামের মিরবাজার এলাকায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। হামলায় আহত হন তিন জন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের শাঁখারিবাজারের মোল্লেশ্বর এলাকার বাসিন্দা শান্তনু চন্দ্র। তিনি সিআরপিএফে কর্মরত। গুলিতে তাঁর হাত জখম হয়েছে বলে জানা গিয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
শান্তনুর আহত হওয়ার খবর বাড়িতে পৌঁছতেই শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। উদ্বেগে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, হামলার পরেই স্ত্রী নন্দিনীকে ফোন করেছিলেন শান্তনু। তাঁকে আশ্বস্ত করে চিন্তা না করতে বলেন। তবে স্বামী যে জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন, ফোনে কথা বলার সময় সে বিষয়ে কিছুই জানতেন না নন্দিনী।
২০১১ সালে সিআরপিএফে যোগ দেন শান্তনু। বর্তমানে তিনি বাহিনীর ৪৬ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। গত সাড়ে তিন বছর ধরে কাশ্মীরেই তাঁর পোস্টিং। কালীপুজো উপলক্ষে সম্প্রতি বাড়িতে এসেছিলেন তিনি। লক্ষ্মীপুজোর পরদিনই আবার কর্মস্থলে ফিরে যান। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বরাবরই চিন্তায় থাকেন পরিবারের সদস্যরা। প্রতিদিনই অজানা আশঙ্কা তাড়া করে তাঁদের। বুধবারের হামলার খবর সেই উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

শান্তনুর স্ত্রী নন্দিনী চন্দ্র জানান, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁকে ফোন করেন স্বামী। ফোনে শান্তনু জানান, তাঁদের ক্যাম্পে হামলা হয়েছে। তিনি আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন। তবে স্ত্রীকে চিন্তা করতে বারণও করেন। নন্দিনীর কথায়, সেই সময় তিনি বুঝতেই পারেননি যে স্বামীর গায়ে গুলি লেগেছে।
পরে এক সেনা আধিকারিকের ফোন থেকেই হামলার বিস্তারিত জানতে পারেন নন্দিনী। তিনি জানান, বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এক সিনিয়র অফিসার তাঁকে ফোন করে শান্তনুর হাতে গুলি লাগার খবর দেন। পরে জানা যায়, গুলিটি তাঁর হাতের এক পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। এই খবর শোনার পর থেকেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আতঙ্ক আর দুশ্চিন্তায় সময় কাটছে তাঁদের। নন্দিনীর কথায়, শান্তনুর কাশ্মীরে পোস্টিং হওয়ার পর থেকেই এমন কোনও অঘটনের আশঙ্কা তাঁদের মনে কাজ করে।
শান্তনুর বাবা তারাপদ চন্দ্র জানান, প্রথমে জঙ্গি হামলার খবর পেলেও ছেলের অবস্থা সম্পর্কে কিছুই বুঝতে পারেননি তাঁরা। পরে এক আধিকারিকের ফোনে পুরো বিষয়টি জানতে পারেন। এরপর ছেলের সঙ্গেও কথা হয় তাঁর। শান্তনু বাবাকে আশ্বস্ত করে জানান, হাতে সামান্য চোট লেগেছে, এখন তিনি ঠিক আছেন। ছেলের মুখে এই কথা শোনার পর কিছুটা স্বস্তি পেয়েছেন তারাপদবাবু। তবে কাশ্মীরের মতো অশান্ত এলাকায় ছেলে যতদিন কর্মরত থাকবেন, ততদিন দুশ্চিন্তা যে পুরোপুরি কাটবে না, তা-ও জানিয়েছেন তিনি।
সিআরপিএফ সূত্রে খবর, বুধবার দুপুর প্রায় দুটো নাগাদ কুলগামের মিরবাজারের কাছে নাকা চেকিং চলছিল। সেই সময় মোটরবাইকে করে এসে কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। নিরাপত্তাকর্মীরাও পালটা গুলি চালালে ঘটনাস্থল ছেড়ে বাইকে চেপেই চম্পট দেয় হামলাকারীরা।এই হামলায় আহত তিন জওয়ানকে অনন্তনাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বাঁকুড়ার শান্তনু চন্দ্র ছাড়াও রয়েছেন অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং। ঘটনার পর থেকেই কুলগাম-সহ উপত্যকার একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ, সেনা ও সিআরপিএফ। হামলার নেপথ্যে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।